বোয়ালমারীতে ২১ দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে অবস্থিত শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমি মার্কেটের ২১ টি দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কমিটি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের আত্মীয়স্বজনের নামে দোকান বরাদ্দ করেছে। এ ব্যাপারে বঞ্চিত ব্যক্তিরা ৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মার্কেটের দোকান বরাদ্দের জন্য দরখাস্ত আহ্বান করে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৭ ডিসেম্বর ছিল দরখাস্ত জমা দেওয়ার শেষ দিন। শেষ দিন পর্যন্ত মোট ৬৩টি দরখাস্ত জমা পড়ে। এরপর বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি মো. শাহাদত্ হোসেন ও সদস্য এম এম জালাল উদ্দিন আহমেদ (জেলা আওয়ামী লীগের সদস্য) কোনো নিয়মনীতি ছাড়াই দোকান বরাদ্দ দেওয়ার জন্য ২১ জনের একটি তালিকা তৈরি করেন। ওই তালিকায় শাহাদত্ হোসেনের ছেলে শরাফত হোসেন, জালাল উদ্দিন আহমেদের ছেলে শাকিল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শাহজাহান মীরদাহ ওরফে পিকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মো. দাউদুজ্জামান, চতুল ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম বাকের, প্রধান শিক্ষকের আত্মীয় সৈয়দ আবু সাইদ ও বিদ্যালয়ের অফিস সহকারী আ. খালেক মোল্লার ছেলে জুয়েল মোল্লার নাম রয়েছে। ইউএনও মো. মাহাবুবুর রহমান জানান, অভিযোগটি খতিয়ে দেখার জন্য জর্জ একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহাদত্ হোসেন বলেন, ‘সবাইকে ম্যানেজ করতেই নিজেরা আলাপ-আলোচনা করে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভার অনুমোদনের বিষয়ে আমরা ইতিমধ্যে আবেদন করেছি।’ ইউএনওর দপ্তর থেকে পাঠানো দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মো. শাহাদাত্ বলেন, ‘পরিচালনা পর্ষদের সভায় লিখিত অভিযোগের বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’