বোয়ালমারীর মেয়রের বিরুদ্ধে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চারটি সড়ক সংস্কারকাজে কার্যাদেশ প্রদানে দুর্নীতি ও কাজের মান নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে পৌর মেয়রের বিরুদ্ধে তাঁর ভাইকে জালিয়াতির মাধ্যমে কার্যাদেশ প্রদান করে সরকারের ২২ লাখ টাকা ক্ষতি করানোর অভিযোগও রয়েছে।পৌরসভা ও অভিযোগ থেকে জানা যায়, বোয়ালমারী পৌরসভাকে গুরুত্বপূর্ণ ১৯ শহর উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার পর এ প্রকল্প থেকে একটি প্যাকেজে পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য চারটি সড়কে মেরামতকাজের জন্য ৮০ লাখ ৭৬ হাজার ২৪১ টাকা বরাদ্দ দেওয়া হয়। সড়ক চারটি হচ্ছে: বঙ্গবন্ধু সড়কের আঁধারকোঠা সওজ সড়ক থেকে শ্যামল কুমার সাহার ময়দার কল পর্যন্ত সড়ক, খাদ্য গুদামের মোড় থেকে ছোলনা কবরস্থান হয়ে পৌর মেয়রের বাড়ি পর্যন্ত সড়ক, রেলস্টেশন সেতু থেকে ছোলনা গোলাম নবী মোল্লার বাড়ি পর্যন্ত সড়ক ও নাহার ফিলিং স্টেশনের কাছে সওজ সড়ক থেকে আঁধারকোঠা চৌরাস্তা পর্যন্ত সড়ক।এ কাজে দরপত্র আহ্বান করা হয় গত ২০ এপ্রিল। ৫ মে ২১ জন ঠিকাদার দরপত্র দাখিল করেন। বাছাই কমিটিতে দুটি দরপত্র বাতিল হয়। দরপত্রে সর্বনিম্ন দরদাতা ছিল মধুমতি এন্টারপ্রাইজ। তারা ওই কাজের জন্য ৬২ লাখ ৭৮ হাজার ৮৭৫ টাকায় দরপত্র জমা দেয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এম এ রাজ্জাক কার্যাদেশ চাইতে গেলে পৌরসভা থেকে জানানো হয়, এ বিষয়ে পরে জানানো হবে। কিন্তু গত ২৯ জুন সহকারী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক পৌর মেয়রের ভাই মো. জাকির হোসেনের অনুকূলে কার্যাদেশ প্রদান করেন। মেয়রের ভাই জাকির হোসেন ৮৪ লাখ ৭১ হাজার ৬৭৬ টাকায় দরপত্র জমা দেন। ১৪ নভেম্বর ওই দরপত্রে অংশগ্রহণকারী চার ঠিকাদার এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়েছে, প্যাকেজভুক্ত চারটি সড়কই সিলকোটের। পুরোনো সিলকোট না তুলে কিছু খোয়া ও বালু দিয়ে রোলার দেওয়া হয়েছে। কার্পেটিং না করেই সিলকোটের কাজ করা ও কাজের জায়গায় কোনো সাইবোর্ড টাঙানো হয়নি।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দরপত্রে উল্লিখিত চারটি সড়কই সিলকোট রাস্তা। পুরোনো সিলকোট ও কার্পেটিং না তুলেই ভাঙাচোরা জায়গায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। এ অবস্থায় সড়ক চারটি বেশিদিন টিকবে না। একটু বৃষ্টি হলেই অথবা যানবাহনের চাকার ঘর্ষণে এসব রাস্তা খুব দ্রুতই আগের অবস্থায় ফিরে যাবে।দরপত্র কমিটির সভাপতি ও পৌরসভার সহকারী প্রকৌশলী মেহেদী হাসান (৩৬) বলেন, মেয়রের অনুমতি ছাড়া এ বিষয়ে কাউকে কিছু বলা যাবে না। এ-সংক্রান্ত কোনো ফাইল বা কাগজপত্র তাঁর কাছে নেই। কাজের মান সম্পর্কে তিনি বলেন, ‘মেয়রের ভাই না হলে যেকোনো পদক্ষেপ গ্রহণ করা যেত।’মেয়রের ভাই ঠিকাদার জাকির হোসেন জানান, কাজের মান নিয়ে অভিযোগ সত্য নয়। একটি গোষ্ঠী কাজ না পেয়ে অসত্য অভিযোগ করেছে। মেয়র আ. শুকুর শেখ বলেন, যাচাই-বাছাই কমিটি বসে জাকিরকে কাজ দিয়েছে। এখানে কোনো স্বজনপ্রীতি হয়নি। জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘প্রতিপক্ষরা আমাকে বিব্রত করার জন্য এ জাতীয় অভিযোগ এনেছে, যার কোনো ভিত্তি নেই। কাজের মান অত্যন্ত ভালো।’ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. আবদুল্লাহ আদ্দাদ প্রথম আলোকে বলেন, তদন্ত করার এখতিয়ার প্রধান প্রকৌশলী ও মন্ত্রণালয়ের। তাদের কাছ থেকে কোনো নির্দেশনা ছাড়া তিনি কোনো পদক্ষেপ নিতে পারেন না।