বৌদ্ধ ঐতিহ্যভিত্তিক পর্যটন বিকাশে কাজ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলন উদ্বোধনের পর মেলা পরিদর্শন করেন। তাঁর পাশে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) মহাসচিব তালেব রিফাই l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলন উদ্বোধনের পর মেলা পরিদর্শন করেন। তাঁর পাশে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) মহাসচিব তালেব রিফাই l ছবি: ফোকাস বাংলা

বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন বিকাশে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন-বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার সকালে এ সম্মেলন শুরু হয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রী তাঁর উদ্বোধনী ভাষণে আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মেলনের প্রতিনিধিরা এ অঞ্চলে পর্যটনশিল্পের উন্নয়ন ও প্রসারে একটি রোডম্যাপ তৈরি করতে সক্ষম হবেন। একই সঙ্গে তাঁরা এই রোডম্যাপ বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবেন।
আয়োজক বাংলাদেশসহ বৌদ্ধ জনসংখ্যা অধ্যুষিত ১৩টি দেশ এই সম্মেলনে অংশ নিচ্ছে। চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান, নেপাল, ভারত ও শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং পর্যটন-সংশ্লিষ্ট অন্যরা এ সম্মেলনে অংশ নিয়েছেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী আগত বিভিন্ন দেশের অতিথিদের উদ্দেশে বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি, এই সফরে বাংলাদেশকে আপনারা যেমন দেখলেন, তা পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন ফোরামে তুলে ধরবেন।’
জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) সহযোগিতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘ডেভেলপিং সাসটেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ বুড্ডিস্ট হেরিটেজ অ্যান্ড প্রিলিগ্রিমজ সার্কিট ইন সাউথ এশিয়ান বুড্ডিস্ট হার্টল্যান্ড’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে।
বিশ্বে সুপরিচিত বৌদ্ধ পর্যটন বিশেষজ্ঞ এবং দেশীয় পর্যটন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর দক্ষিণ এশিয়ায় টেকসই ও সমন্বিত আন্তসীমান্ত বৌদ্ধ পর্যটন সার্কিট ও রুটের উন্নয়নে একটি রোডম্যাপ তৈরিই এই সম্মেলনের মূল লক্ষ্য।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান ও ইউএনডব্লিউটিওর মহাসচিব তালেব রিফাই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলার সাবরাংয়ে ১ হাজার ২৮ একর জমির ওপর বিশেষ পর্যটন অঞ্চল (ইটিজেড) গড়ে তোলার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইটিজেড নির্মাণে বিদেশি বিনিয়োগ আকর্ষণেরও পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরে প্রধানমন্ত্রী এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত স্যুভেনির কর্নার পরিদর্শন করেন।
ভ্রমণ ও পর্যটনসংক্রান্ত খোলা চিঠি গ্রহণ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থসামাজিক প্রবৃদ্ধি জোরদার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের পর্যটন সামর্থ্যের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণ ও পর্যটনসংক্রান্ত খোলা চিঠি’ গ্রহণ করেছেন। ইউএনডব্লিউটিওর সফররত মহাসচিব তালেব রিফাই গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর হাতে এই চিঠি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ইউএনডব্লিউটিও এবং বিশ্ব ভ্রমণ ও পর্যটন পরিষদের (ডব্লিউটিটিসি) দেওয়া এই চিঠিতে আর্থসামাজিক প্রবৃদ্ধিতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি এবং এই খাতকে জাতীয় নীতিতে উচ্চতর অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে সারা বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।