চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে অবস্থিত বেসরকারি ছাত্রাবাস গোবিন্দ-গুণালংকার (বিশ্বশান্তি প্যাগোডা) বৌদ্ধ ছাত্রাবাস এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে ছাত্রাবাস কর্তৃপক্ষ। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ছাত্রাবাসের ৭০ জন ছাত্র গত বুধবার ছাত্রাবাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পুলিশ পাহারায় ছাত্ররা বুধবার বিকেলে ছাত্রাবাস ত্যাগ করেন। ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দ্রুত ছাত্রাবাস খোলার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি বিষয়টির দ্রুত সমাধান হবে।’মঙ্গলবার রাতে আদিবাসী ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন ছাত্র আহত হয়। বৌদ্ধ ছাত্রাবাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ি ছাত্ররা থাকত।ছাত্রাবাস কর্তৃপক্ষ সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।