বৌদ্ধ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জন গ্রেপ্তার
কুমিল্লা নগরের ঠাকুরপাড়ায় বৌদ্ধ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল গত বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। একই সঙ্গে খোয়া যাওয়া মুঠোফোন উদ্ধার করা হয়।গতকাল শুক্রবার বেলা ১১টায় পুলিশ সুপার তাঁর দপ্তরে ওই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন। নারী-সংক্রান্ত বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটে বলে পুলিশ সুপার দাবি করেন। দুই নারী ছাড়া গ্রেপ্তারকৃতরা হলেন সৈকত জাহান (২১), এরশাদুল ইসলাম ওরফে কমল (২৪), আদিল মাহমুদ ওরফে রাকিব (১৯) ও শরীফুল ইসলাম হাসান (১৯)।সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী দাবি করেন, ঠাকুরপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বাড়ির বাসিন্দা সুমন বড়ুয়ার অন্যত্র বিয়ের প্রস্তুতির খবর পেয়ে তাঁর দুই প্রেমিকা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। এরপর দুই নারী গ্রেপ্তার হওয়া অপর চার ব্যক্তিকে নিয়ে গত ২৬ মে সুমন বড়ুয়ার বাড়িতে গিয়ে হুমকি দেন এবং ভাঙচুর করেন। এক দিন পর ওই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এক নারী নিজেই শরীফুল ইসলাম ও আদিল মাহমুদকে নিয়ে নগরের টমছমব্রিজ এলাকার একটি পেট্রলপাম্প থেকে দুই লিটার অকটেন কেনেন। পরে তাঁরা ওই বাড়িতে আগুন দেন। আগুনে শরীফুল ইসলামের ডান হাতের পশম পুড়ে যায়। তা ছাড়া ভাঙচুরের দিন এক নারীর ডান হাত সামান্য কেটে যায়। পুলিশ গ্রেপ্তারকৃতদের মুঠোফোনের কথোপকথন থেকে ওই তথ্য পায়।সংবাদ সম্মেলনে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। একপর্যায়ে উপস্থিত হন সুমন বড়ুয়ার পরিবারের সদস্যরা। সুমন বড়ুয়ার ভাবি বলেন, ‘তাঁর (সুমন) সঙ্গে কারও কোনো প্রেম ও বিয়ের সম্পর্ক রয়েছে কি না, আমাদের জানা নেই। আমরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’গতকাল বিকেলে সুমন বড়ুয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পারিবারিক সূত্র দাবি করছে, সুমন চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন।সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের কথা বলতে দেওয়া হয়নি। এমনকি পুলিশ সুপারের বক্তব্যের সময় গ্রেপ্তারকৃতদের সামনে হাজির রাখা হয়নি। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুলিশ তিনটি বিষয় সামনে রেখে তদন্ত করে ওই অভিযান পরিচালনা করে। এগুলো হলো জমিসংক্রান্ত বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব ও সুমন বড়ুয়ার নারী-সংক্রান্ত বিষয়। তাই অল্প সময়ের মধ্যে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।