বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় তিন জঙ্গি আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় গতকাল তিন জঙ্গিকে গতকাল বান্দরবানের আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো
নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় গতকাল তিন জঙ্গিকে গতকাল বান্দরবানের আদালতে হাজির করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড ও কুমিল্লা থেকে গ্রেপ্তার হওয়া এক নারীসহ তিন জঙ্গিকে গতকাল সোমবার বান্দরবানের আদালতে হাজির করা হয়। জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর পর এই উদ্যোগ নেওয়া হলো।
বান্দরবান জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হোসাইন মুহাম্মদ আল-মুযাহিদ বলেন, তিন জঙ্গিকে গত রোববার রাতে চট্টগ্রাম কারাগার থেকে বান্দরবান জেলা কারাগারে নিয়ে আসা হয়েছিল। ওই জঙ্গিরা হলেন ১৫ মার্চ সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার সাধন কুটির থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি দম্পতি জহিরুল হক ওরফে জসীম উদ্দিন ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আরজিনা এবং কুমিল্লার চান্দিনায় ৮ মার্চ বাসে তল্লাশিকালে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালানোর সময় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ হাসান।
জঙ্গি দম্পতির বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের যৌথ খামারপাড়ায়, হাসানের বাড়ি স্থানীয় করলিয়াঘোনা এলাকায়। এলাকা দুটি উপর চাকপাড়ার কাছাকাছি। এই উপর চাকপাড়াতেই খুন হয়েছিলেন প্রবীণ বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসা ওরফে উ গাইন্দ্যা।
পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে পুলিশের পাহারায় জঙ্গিদের বান্দরবান কারাগার থেকে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আবু হানিফের আদালতে নিয়ে আসা হয়। তখন আরজিনার কোলে তাঁর শিশুসন্তান ছিল। আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
আদালতে আসামি উপস্থাপনকারী পুলিশ কর্মকর্তা (জিআরও) জাহাঙ্গীর আলম বলেন, নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলাটি এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তাঁরা তিন জঙ্গিকে ওই মামলায় গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন এবং তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওই দিনও জঙ্গিদের আদালতে হাজির করতে বলা হয়েছে। তখন জিজ্ঞাসাবাদের জন্য জঙ্গিদের রিমান্ড চাওয়া হতে পারে।
এক বছরেও রহস্য উদ্ঘাটিত হয়নি
গত বছরের ১৪ মে রাতে উপর চাকপাড়ার ভাবনা বিহারে প্রবীণ বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসা ওরফে উ গাইন্দ্যাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জঙ্গি সংগঠন আইএস হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়। পরদিন পুলিশ তিনজনকে এবং পরে আরও দুজনকে গ্রেপ্তার করে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি তারা। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে দুজন জামিনে রয়েছেন। জামিনে থাকা জিয়াউর রহমান নামে একজন আদালতে হাজিরা না দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৌদ্ধ ভিক্ষুর ছেলে ও মামলার বাদী অংসা থোয়াই চাক বলেন, ঘটনার পর কয়েক মাস পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন তৎপরতা দেখিয়েছে। কিন্তু এখন আর কেউ খোঁজখবর নেন না। তিনি বলেন, কামাল হোসেন (সীতাকুণ্ডে ছায়ানীড় নামে বাড়িতে আত্মঘাতী) ও গ্রেপ্তার জঙ্গিদের মধ্যে জহিরুল হক বা জসীম উদ্দিন তাঁদের পাড়ায় পানের চাষ করতেন। তাঁরা ভাবনা বিহারের পাশ দিয়ে যাওয়া-আসা করতেন। তাঁর বাবার মৃত্যুর পর তাঁদের আর দেখা যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার পিবিআই পরিদর্শক মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে গতকাল যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি তিনি বলেন, বৌদ্ধ ভিক্ষু হত্যার রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তিন জঙ্গিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ডে আনা হবে।