বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কক্সবাজার শহরের ‘উইমাহ্লাটারা ক্যাং’-এর ভিক্ষু উপেনদিতা মহাথেরের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৌদ্ধ ভিক্ষু সংঘের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
গত বুধবার ভোরে লাঠির আঘাতে গুরুতর আহত হন উপেনদিতা মহাথের। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই দিন রাতে বান্দরবানের লামা থেকে হামলাকারী অপর ভিক্ষু মং য়াইন ছিনকে গ্রেপ্তার করে পুলিশ।
সমাবেশে বক্তব্য দেন বৌদ্ধ ভিক্ষু সংঘের সদস্য ও রামু কেন্দ্রীয় সিমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং, উইমাহ্লাটারা ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মং ছা চিং, আদিবাসী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক মং থেন হ্লা রাখাইন প্রমুখ।
প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, গত বুধবার ভোরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বৌদ্ধ ভিক্ষু উপেনদিতার (৭৭) ওপর হামলা চালানো হয়। হামলাকারী মং য়াইন ছিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত রহস্য জানা যাবে।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মং থেন হ্লা রাখাইন বলেন, দেড় দশক ধরে উইমাহ্লাটারা ক্যাংয়ের কিছু জমি বিক্রি নিয়ে বিরোধ চলছে। ক্যাংয়ের কিছু জমি অবৈধ দখলে আছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে আদালতের নির্দেশনা থাকলেও কাজ হচ্ছে না।
সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।