বৌদ্ধ মন্দিরগুলোতে বাড়তি নিরাপত্তা
মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের পরিপ্রেক্ষিতে রাজধানীর বৌদ্ধমন্দিরগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পুলিশ বলছে, কোনো হুমকি বা অভিযোগের কারণে নয়, সতর্কতামূলকভাবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকার মেরুল বাড্ডা, বাসাবো, উত্তরা ১৬ নম্বর সেক্টর, নর্দ্দা, মিরপুর এবং আশুলিয়ার বৌদ্ধমন্দিরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল গত রাতে প্রথম আলোকে বলেন, মিয়ানমার পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকেই সতর্কতামূলকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর থানার পার্শ্ববর্তী আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও মোতায়েন করা হয়েছে বলে জানা তিনি।
গত মঙ্গলবার যশোরের বেনাপোল সীমান্তে একজন বৌদ্ধ ভিক্ষুকে হেনস্তা করেন কয়েকজন তরুণ। তাঁরা তাঁকে ভয় দেখিয়ে ভিডিও করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পুলিশ এ ঘটনায় বৃহস্পতিবার তিন যুবককে
আটক করে। এদিকে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বাংলাদেশে বসবাসরত বৌদ্ধধর্মাবলম্বীদের বিচ্ছিন্নভাবে হুমকি দেওয়া
হচ্ছে বলে ৮ সেপ্টেম্বর ঢাকায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।