বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মন্দিরে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার রামু, উখিয়া ও পটিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত ২০টি বৌদ্ধমন্দিরে আরও ১০ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে রামু উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাথিন রাখাইন। বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই অনুদান দিয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দ, ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান প্রমুখ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ অনুদানের মধ্যে রামুর কেন্দ্রীয় সীমা বিহার পেয়েছে এক লাখ টাকা, শ্রীকুলের লালচিং ৮৫ হাজার, মৈত্রী বিহার ৫৫ হাজার, অজান্তা বৌদ্ধবিহার ৫০ হাজার, আর্যবংশ বৌদ্ধবিহার ৫৫ হাজার, উখিয়ার দীপংকর বৌদ্ধবিহার ৬০ হাজার, রাজাপালং জাদি বৌদ্ধবিহার ৫০ হাজার, পটিয়ার লাখেয়া অভয় বিহার ৬০ হাজার ও সর্বজনীন রত্নাংকুর বৌদ্ধবিহার ৫৫ হাজার টাকা।সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয় দত্ত বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অনুদানের ১০ লাখ টাকার মধ্যে রামুর ক্ষতিগ্রস্ত ১২টি বৌদ্ধমন্দিরকে ছয় লাখ ১৫ হাজার, উখিয়ার ছয়টি মন্দিরকে দুই লাখ ৭০ হাজার এবং পটিয়ার দুটি মন্দিরকে এক লাখ ১৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুপ্ত ভুষণ বড়ুয়া বলেন, ‘গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু সফরে এসে ক্ষতিগ্রস্ত ৮৪ বাড়ি মেরামতের জন্য প্রায় চার কোটি টাকা বিতরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত সব মন্দির সম্পূর্ণ নতুনভাবে তৈরির জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে সেনাবাহিনী এসব মন্দিরের নির্মাণকাজ শুরু করেছে।