বৌদ্ধধর্মীয় সাধক বনভান্তের জন্মদিন পালিত
পরম শ্রদ্ধা, ভালোবাসা আর ধর্মীয় মর্যাদায় পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধধর্মীয় সাধক বনভান্তে নামে খ্যাত শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবিরের ৯১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাঙামাটি রাজবনবিহারে মন্ত্রীসহ পুণ্যার্থী মানুষের সমাগম ঘটে। জন্মদিনের অনুষ্ঠানে বনভান্তে সবাইকে বুদ্ধের নীতির অনুসরণে অহিংস ও শান্তির পথে চলার উপদেশ দেন।বনভান্তের জন্মদিনে শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।বনভান্তের জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতে মধ্যরাত থেকে লোকজন ফুল, কেক ও নানা উপহারসামগ্রী নিয়ে বনবিহারে আসতে থাকে। রাত সাড়ে তিনটায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া পরিবারের সদস্যদের নিয়ে বনবিহারে পৌঁছান। এর পরই চাকমা রাজা দেবাশীষ রায়ের মা আরতি রায় পৌঁছেন। ভোর চারটায় মোমবাতি প্রজ্বালন ও কেক কাটার মাধ্যমে বনভান্তের জন্মদিন পালনের কর্মসূচি শুরু হয়।গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় ধর্মীয় রীতিতে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বনভান্তকে ফুল দিয়ে শুভেচ্ছাসহ তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়। এরপর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রথমে রাষ্ট্রপতির ও পরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবাণী এবং রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান বিরোধীদলীয় নেত্রীর শুভেচ্ছাবাণী পড়ে শোনান।