বৌদ্ধপল্লিতে চৈত্রসংক্রান্তির অন্য রকম আয়োজন
বিন্নি ধানের খই, ভাতের জিরা, চাল ও খইয়ের নাড়ু, চালের পাপড়—এ রকম সুস্বাদু সব খাবার ও পিঠা-পায়েস তৈরির আয়োজন চলছে কক্সবাজারের রামু উপজেলার ঘরে ঘরে। এখন ঘর সাজানো আর পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যস্ত পাড়ার গৃহিণীরা। বৌদ্ধমন্দিরগুলোতেও চলছে সাজসজ্জা, বুদ্ধস্নান ও হাজার প্রদীপ প্রজ্বালনের নানা প্রস্তুতি। বৌদ্ধধর্মাবলম্বীদের চৈত্রসংক্রান্তি উৎসব এবং ওই দিন ভোরে বিহারে বিহারে বুদ্ধস্নান অনুষ্ঠান ঘিরে প্রায় এক মাস ধরে চলছে এসব আয়োজন।উৎসব ঘিরে রামু উপজেলার গ্রামে গ্রামে চলছে লুড়ুরগাছ প্রতিযোগিতা, আনন্দমেলা, পাগলের মেলা, সংবর্ধনাসহ নানা অনুষ্ঠানের প্রস্তুতি। উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, জোয়ারিয়ানালা, চাকমারকুল ইউনিয়নের প্রায় ৩০টি বৌদ্ধধর্মাবলম্বী-অধ্যুষিত গ্রাম আর ২৫টি বৌদ্ধবিহারে চলছে এসব প্রস্তুতি। রামু সীমা বিহারের প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, প্রতিবছর বাংলা সনের চৈত্র মাসের শুরু থেকে বৌদ্ধপল্লিগুলোতে এই উৎসবের আমেজ শুরু হয়। চৈত্রের দিন যত যায়, এ আমেজ যেন ততই বাড়তে থাকে। ঘরে ঘরে গৃহিণীরা মাটির কাঁচা ঘর লেপেন, ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। বিহ্যু ফুল দিয়ে শুরু করেন ঘর সাজানোর প্রস্তুতি। উৎসবের আগে এ যেন আরেক উৎসব। এসব আয়োজন কেবল আনন্দের জন্য নয়, পরিবারের সদস্য এবং ঘরের মঙ্গলের জন্যই। উপজেলার মেরংলোয়া গ্রামেও চৈত্রসংক্রান্তির উৎসব সামনে রেখে চলছে নানা আয়োজন। প্রধান উদ্যোক্তা পলক বড়ুয়া আপ্পু জানান, এ বছর মেরংলোয়া কেন্দ্রীয় সীমা বিহারের পাশে খালি মাঠে হবে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে থাকবে লুডুর গাছ প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা, লোকজ গানের আসর ও প্রতিবন্ধীদের নিয়ে পাগলের মেলা। গ্রামের স্কুলশিক্ষক মন্দিরা বড়ুয়া ও হাজারীকুল গ্রামের গৃহিণী বিজয়া বড়ুয়া জানান, কাজে একটু ছন্দপতন ঘটায় প্রচণ্ড গরম। কিন্তু একসঙ্গে কাজ করার আনন্দের তুলনায় সেটা খুব সামান্য। পূর্ব মেরংলোয়া গ্রামের প্রবীণ শিক্ষক মনমোহন বড়ুয়া জানান, চৈত্রসংক্রান্তির দিন গ্রামের শিশু-কিশোর, প্রবীণেরাও এবাড়ি-ওবাড়ি যায়। বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয়। এরপর মজা করে খায় চৈত্রসংক্রান্তির খাবার। সব উৎসবের মতো এই উৎসবেও শিশু-কিশোররাই আনন্দে মেতে ওঠে বেশি।ভোরে বুদ্ধস্নানচৈত্রের শেষ দিনে ভোরের আলো ফুটতে না-ফুটতেই শুরু হয় বুদ্ধস্নান। শিশু-কিশোর, নারী ও পুরুষেরা মঙ্গলজল নিয়ে বৌদ্ধবিহারে যান। ঢোল, কাঁসর, মন্দিরা বাজিয়ে বৌদ্ধকীর্তন গেয়ে অনেকে এই বিহার থেকে ওই বিহার, এক গ্রাম থেকে আরেক গ্রামে বুদ্ধস্নান করাতে যান। অতি পূজনীয় বুদ্ধমূর্তির শরীরে মঙ্গলজল ঢেলে বুদ্ধকে স্নান করানো হয়। এ সময় উচ্চারিত হয় ‘সাধু সাধু’ ধ্বনি। ভোর পাঁচটা থেকে বেলা ১১টা-১২টা পর্যন্ত চলে এ আয়োজন। সন্ধ্যায় বিহারে প্রজ্বালন করা হয় হাজার প্রদীপ। উত্তর মিঠাছড়ি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুণাশ্রী থের জানান, চৈত্রসংক্রান্তি উৎসবের অন্যতম হচ্ছে বুদ্ধস্নান। প্রায় শতবর্ষ ধরে এ অঞ্চলের বৌদ্ধ ও রাখাইন সমপ্রদায় বুদ্ধস্নানের আয়োজন করছে। বুদ্ধস্নান চৈত্রসংক্রান্তি উৎসবের অন্যতম হলেও এখন যেন এটি আলাদা একটি উৎসব হয়ে উঠেছে।