বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধবিহার ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন ছাত্র সংগঠন এসব কর্মসূচি পালন করে। বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) কোরআন শরিফের অবমাননা করা হয়েছে—এমন অভিযোগে গত শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলা সদরের ১২টি বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুষ্কৃতকারীদের একাধিক দল। এর পরদিন রোববার জেলার উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০টি উপাসনালয়, অর্ধশতাধিক বসতবাড়ি ও দোকানে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় গণসংগীত পরিবেশন ও সমাবেশ করেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নগরের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা। বক্তব্য দেন উদীচী কুমিল্লার সভাপতি এম কে ঢালী, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাবেক সভাপতি চন্দন দেব রায়, কবি ও সংগঠক ফখরুল হুদা, বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার হোসেন ও নিমসার জুনাব আলী কলেজের উপাধ্যক্ষ এহতেশাম হায়দার চৌধুরী। সুনামগঞ্জ: বিকেলে শহরের আলফাত স্কয়ার চত্বর এলাকায় মানববন্ধনের আয়োজন করে জেলা উদীচী। এ সময় বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, নারীনেত্রী ও শিক্ষক সঞ্চিতা চৌধুরী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।শাহজালাল বিশ্ববিদ্যালয়: ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা কক্সবাজার ও চট্টগ্রামে হামলাসহ রোববার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশের হামলার প্রতিবাদ জানায়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি শাহরিয়ার লস্কর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বী চৌধুরী, স্বপন দেবনাথ, শুভ্রা কর, শিপন চন্দ্র পাল প্রমুখ।জামালপুর: বিকেলে শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন করে উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদ। বক্তব্য দেন উদীচী জেলা সংসদের সভাপতি শিউলী চৌধুরী ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর।