বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধবিহার ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠী, বিভিন্ন ছাত্র ও আদিবাসী সংগঠন এসব কর্মসূচি পালন করে। বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) কোরআন শরিফের অবমাননা করা হয়েছে—এমন অভিযোগে গত শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলা সদরের ১২টি বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুষ্কৃতকারীদের একাধিক দল। এর পরদিন রোববার জেলার উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০টি উপাসনালয়, অর্ধশতাধিক বসতবাড়ি ও দোকানে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বৌদ্ধ ভিক্ষুসহ বৌদ্ধ সম্প্রদায়ের তিন শতাধিক মানুষ। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়েছে, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মিথ্যা গুজবকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৌদ্ধবিহার ধ্বংস করা হচ্ছে। এটি বৌদ্ধধর্মীয় অনুভূতি, আত্মপরিচয় ও অস্তিত্বের ওপর চরম আঘাত। এসব দুষ্কৃতকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে বৌদ্ধ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত হবে না। খাগড়াছড়ি: গতকাল সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি মৈত্রী বৌদ্ধবিহারের দায়ক-দায়িকাবৃন্দ ব্যানারে মানববন্ধন করে বৌদ্ধধর্মাবলম্বী বড়ুয়া সম্প্রদায়ের লোকজন। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, প্রেসক্লাবের সভাপতি দিলীপ চৌধুরী। আরও বক্তব্য দেন মৈত্রী বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধীরানন্দ মহাস্থবির, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র লাল বড়ুয়া, খাগড়াছড়ি বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক রূপন বড়ুয়া, বৌদ্ধ যুব সংঘের সভাপতি শম্ভু মিত্র বড়ুয়া প্রমুখ।পানছড়ি (খাগড়াছড়ি): ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন ফেডারেশন পানছড়ি শাখার উদ্যোগে বেলা তিনটার দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। পিসিপি পানছড়ি শাখার সভাপতি বিবর্তন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য অপরাজিতা খীসা, গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি শাখার সভাপতি বরুণ চাকমা, পিসিপি পানছড়ি শাখার সাধারণ সম্পাদক সুমেধ চাকমা প্রমুখ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশে ‘মানবতার ডাকে রুদ্ধ হোক সাম্প্রদায়িকতা’ স্লোগান নিয়ে ‘ইন্ডিজেনস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ ও ‘সনাতন বিদ্যার্থী সংসদ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী জড়ো হন। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট পর তাঁরা সড়কের এক পাশে আবার মানববন্ধন করেন।সমাবেশে ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার তত্ত্বাবধায়ক সঞ্জয় সরকার বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। রামুর ঘটনায় বিরোধী দল সরকারি দলকে দোষ দিচ্ছে। আর সরকার দল বিরোধী দলকে দোষ দিচ্ছে। কিন্তু দোষীদের বিচারের ব্যাপারে কারও কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।’