বৌদ্ধবিহারগুলোর জন্য থাইল্যান্ডের ৩৫টি বুদ্ধমূর্তি
কক্সবাজারের রামু ও উখিয়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহারগুলোর জন্য থাইল্যান্ড থেকে ৩৫টি বুদ্ধমূর্তি পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় রামুর কেন্দ্রীয় সীমা বিহার থেকে এগুলো বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উগ্রপন্থীরা হামলা ও অগ্নিসংযোগ করে রামুর ১২টি বৌদ্ধবিহার ও ৩০টিরও বেশি বসতি ধ্বংস করে। পরদিন উখিয়া ও টেকনাফে আরও সাতটি মন্দিরে অগ্নিসংযোগ করে। রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, বন্ধুপ্রতীম রাষ্ট্র থাইল্যান্ড থেকে ৩৫টি বুদ্ধমূর্তি পাঠানো হয়েছে। বিভিন্ন আকৃতির এ মূর্তিগুলোর উচ্চতা তিন থেকে ১৫ ফুট। এগুলো গত ২৮ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে রামু কেন্দ্রীয় সীমা বিহারে আনা হয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর থাইল্যান্ডের বৌদ্ধধর্ম সুরক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক ও থাই সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ফ্রাথেপ বিশুদ্ধি এবং মেজর জেনারেল তংকাউয়ের নেতৃত্বে ১৭ জন প্রতিনিধি রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহারগুলো পরিদর্শন করেন। এরপর তাঁরা দেশে ফিরে ৩৫টি বুদ্ধমূর্তি পাঠান।