সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম বলেছেন, কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ এবং পটিয়ায় বৌদ্ধ বিহার ও পল্লিতে যে হামলা হয়েছে তা বাংলাদেশের সংবিধানের ওপর আঘাত। হামলাকারীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।রামু উপজেলায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা বিভিন্ন বৌদ্ধমন্দির ও বসতবাড়ি পরিদর্শনকালে গতকাল শুক্রবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন আমীর-উল ইসলাম।ব্যারিস্টার আমীরের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল গত বৃহস্পতিবার কক্সবাজার যায়। গতকাল তারা রামু ও উখিয়ার বিভিন্ন বৌদ্ধমন্দির ও বসতবাড়ি পরিদর্শন করে। গণতান্ত্রিক বাম মোর্চা: জোটের প্রতিনিধিদল গতকাল রামু ও উখিয়ার বিভিন্ন এলাকায় ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহার, মন্দর ও জনপদ পরিদর্শন করে। বিকেলে রামুর চৌমুহনী মোড়ে সংহতি সমাবেশ করে অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তাঁরা।যুব মৈত্রী: বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির নেতারা গতকাল রামু প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র এখনো বিদ্যমান। ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা তারই অংশ।