বৌদ্ধবিহারে হামলার ঘটনায় আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে হামলার ঘটনায় করা মামলায় তোফাইল আহমেদ নামের এক আসামিকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে দিয়েছেন আদালত।

আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। তোফাইল আহমেদ বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুর তেরংগাটা সাচাচিং মন্দির ও রামু মৈত্রী বিহারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই দিনই পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুই-তিন শ জনকে আসামি করে রামু থানায় মামলা করে। পরে ২০১৩ সালের ২২ ডিসেম্বর ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সেখানে তোফাইল আহমেদের নেতৃত্বে অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ আনা হয়।

একই বছরের ২৯ নভেম্বর তিনি গ্রেপ্তার হন। চলতি বছরের ১৯ মার্চ তিনি হাইকোর্ট থেকে জামিন পেলে ৮ এপ্রিল তিনি মুক্তি পান। কিন্তু হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৭ এপ্রিল ওই আদেশ স্থগিত হয়। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করে। আজ লিভ টু আপিলের শুনানি শেষে তা নিষ্পত্তি করে আদালত ওই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মকবুল হোসেন।

একরামুল হক বলেন, আদালত তোফাইলকে চার সপ্তাহের মধ্যে কক্সবাজারে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে আত্মসমর্পণ না কলে তাঁকে গ্রেপ্তার করা যাবে।