বৌদ্ধবিহারের জন্য সেনাবাহিনীর জেনারেটর দান
খাগড়াছড়ির পানছড়ি অরণ্য কুটির বৌদ্ধবিহারের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একটি জেনারেটর দান করা হয়েছে। জেলার সেনা জোন মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি বিহার কমিটির কাছে হস্তান্তর করেন সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মামুন-অর-রশিদ।রিজিয়ন কমান্ডার বলেন, বৌদ্ধবিহারটিতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বুদ্ধমূর্তি রয়েছে। এটি জেলাবাসীর গৌরব। বিহারের সমস্যা সমাধানের চেষ্টা হিসেবে এই জেনারেটর দান করা হয়েছে।বিহার পরিচালনা কমিটির সভাপতি সমীর দত্ত চাকমা বলেন, বৌদ্ধ শাসনে পানিদানকে একটি উত্তম দান হিসেবে গণ্য করা হয়। আর এই জেনারেটর পানি উত্তোলনের কাজেই ব্যবহার করা হবে।জেনারেটরটি দিয়ে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানা গেছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুণ বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।