বৌদ্ধবিহারের জমি দখলমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রাখাইন সম্প্রদায়ের প্রায় ২০০ বছরের পুরোনো দক্ষিণ হ্নীলা বড় বৌদ্ধবিহারের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার শহরের প্রধান সড়কে এক ঘণ্টা একই কর্মসূচি পালন করা হয়। এতে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার পৌরসভার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চেন মং রাখাইন, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নায়নেচা রাখাইন, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা মং থোইন হ্লা প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, প্রায় ১১ একর জমির ওপর ওই বিহারের কয়েক একর জমি কক্সবাজার-৪ আসনের ক্ষমতাসীন দলের সাবেক সাংসদ মোহাম্মদ আলীর ছেলে রাশেদ মো. আলীর নেতৃত্বে সম্প্রতি দখল করা হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।তবে বিহারের জমি দখলের অভিযোগ অস্বীকার করে রাশেদ মো. আলী প্রথম আলোকে বলেন, ‘ওই জমি রাখাইন নেতারাই মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দিচ্ছেন। দখলদার হিসেবে আমাকে জড়িত করে বাবার (সাবেক সাংসদ) ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত করা হচ্ছে।’