বৌদ্ধবিহারের জমিতে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিদস্যুদের হাত থেকে নিজেদের নিরাপত্তা ও রাখাইন বৌদ্ধবিহারসংলগ্ন জমিতে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ বন্ধের দাবিতে বরগুনার আমতলী উপজেলার রাখাইন সম্প্রদায়ের সদস্যরা গত সোমবার মৌন মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সকালে তালতলী বন্দরের রাখাইনপল্লির জেয়ারামা বৌদ্ধবিহার সড়কে প্রায় সাড়ে ৩০০ জন রাখাইন নারী-পুরুষ মৌন মিছিল ও মানববন্ধনে অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মং খেংলা তালুকদার, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অংশিত, আরডিএফের আঞ্চলিক পরিচালক মং তাহান, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মং চিন থান, সমাজসেবক খেনশে পিউ, খে মংলা প্রমুখ।রাখাইন নেতারা অভিযোগ করেন, তালতলী বন্দরের ব্যবসায়ী আবু তাহের মিয়া ও সফেজ হাওলাদার তালতলীপাড়ার জেয়ারামা বৌদ্ধবিহারসংলগ্ন রাখাইনদের জমি অবৈধভাবে দখল করে মসজিদ-মাদ্রাসা ও ঘরবাড়ি নির্মাণের কাজ করছেন। এ ব্যাপারে রাখাইনদের পক্ষ থেকে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।এ বিষয়ে ব্যবসায়ী আবু তাহের ও সফেজ হাওলাদারের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের পরিবারের সদস্যরা জানান, তাঁরা তালতলীতে নেই। আমতলীর ইউএনও নাসির উদ দৌলা বলেন, ‘আমি অভিযোগ পাওয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি মীমাংসার জন্য দায়িত্ব দিয়েছিলাম। পরে তিনি কিছুই আমাকে জানাননি। আর রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেননি। এখন অভিযোগ পেলে প্রয়োজনে আমি নিজে গিয়ে বিষয়টি সমাধান করব।’