বৌদ্ধবিহারের দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির দীঘিনালা-মারিশ্যা সড়কে আজ মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন আদিবাসীরা।
বাঘাইছড়ি উপজেলার দুইটিলা এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার, বৌদ্ধবিহার নির্মাণে বাধা দেওয়া বন্ধ এবং ৪০০ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে তাঁরা অবরোধ শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, অবরোধে বাঘাইছড়ি অবরুদ্ধ হয়ে পড়েছে। উপজেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। উপজেলা সদরেও যানবাহন চলাচল বন্ধ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানেও লোক সমাগম নেই।


স্থানীয় আদিবাসী, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে দীঘিনালা-মারিশ্যা সড়কের পাশে দুইটিলা এলাকায় একটি বৌদ্ধবিহার নির্মাণকে কেন্দ্র করে বন বিভাগ, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের সঙ্গে আদিবাসীদের বিরোধ চলছিল। পরে ৩০ এপ্রিল ওই জায়গায় ১৪৪ ধারা জারি করা হয় এবং বন বিভাগের পক্ষ থেকে ৪০০ জনের বিরুদ্ধে সরকারি সম্পদ অবৈধ দখল-চেষ্টার অভিযোগে মামলা করা হয়। গতকাল বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কার্যালয়ে আদিবাসীদের সঙ্গে বন বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়।

বৈঠকে খাগড়াছড়ি থেকে নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম কায়সার উপস্থিত ছিলেন।

বৈঠকে সমঝোতা হওয়ার দাবি করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ওই এলাকাটি বন বিভাগের সংরক্ষিত বনের অংশ। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিহার নির্মাণের আবেদন করার কথা বলা হয়েছে। এটা আদিবাসীদের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছিল। কিন্তু কেন আবার অবরোধ ডাকা হলো, তা তাঁদের সঙ্গে কথা বলে জানতে হবে।
আদিবাসীদের অভিযোগ, একসময় ওই জায়গায় জনবসতি ছিল। তা ছাড়া বন বিভাগের জায়গায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পসহ নানা স্থাপনা থাকলেও বন বিভাগ শুধু বৌদ্ধবিহার নির্মাণে কেন বাধা দিচ্ছে।

আদিবাসী নেতাদের প্রধান দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার, বিহার নির্মাণে বাধা না দেওয়া ও মামলা প্রত্যাহার। এসব দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলে তাঁরা ঘোষণা দেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।