বৌদ্ধমন্দির ও শ্মশান উচ্ছেদে স্থগিতাদেশ
চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা এলাকায় একটি বৌদ্ধমন্দির ও শ্মশান উচ্ছেদের বিষয়ে সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে মন্দির, শ্মশানসহ ওই এলাকার অবকাঠামোগুলো উচ্ছেদের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছেন।
একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গতকাল এই আদেশ দেন। উচ্ছেদের এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট চার সপ্তাহের রুলও জারি করেন।
গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসন করলডাঙ্গা এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি নোটিশ জারি করে সাত দিনের মধ্যে তাঁদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। শ্মশান পরিচালনা কমিটি জেলা প্রশাসনের ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২০ ফেব্রুয়ারি রিট আবেদন করে। গতকাল ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আদেশ দেন।