সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধমন্দির ও পল্লিতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই পরিকল্পিত হামলাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ওপর একটি বড় ধরনের আঘাত।গতকাল শনিবার কক্সবাজারের উখিয়া উপজেলার ৩৫টি বৌদ্ধমন্দিরের পুরোহিত ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। আলোচনায় তিনি বলেন, এ হামলার ফলে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা নড়বড়ে হয়ে গেছে। কারণ একটি সম্প্রদায় নিজেদের সংখ্যালঘু হিসেবে ভাবতে শুরু করেছে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ভাবনা। মুক্তিযুদ্ধের চেতনা ও হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।এর আগে নাসির উদ্দীন ইউসুফ উখিয়া উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা আহ্বায়ক আমিরুল রশিদ। বিজ্ঞপ্তি।