বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় নিন্দা প্রতিবাদ
কক্সবাজারে রামুর বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিন্দা জানিয়েছে। তারা হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে ব্যাপারে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনগুলো। গতকাল সোমবার বান্দরবানে পার্বত্য ভিক্ষু পরিষদের কিয়াং কার্যালয়ে পরিষদের সভাপতি উ সোমা মহাথেরোর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০০ বছরেরও বেশি পুরোনো প্রত্নতাত্ত্বিক অমূল্য সম্পদ বৌদ্ধমন্দির ও বুদ্ধের মূর্তি পোড়ানোর ঘটনায় গভীর দুঃখ ও নিন্দা জানানো হয়। এদিকে বৌদ্ধমন্দিরে হামলার প্রতিবাদে বিভিন্ন বাম ছাত্রসংগঠনের সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্র জোট গতকাল এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অনুষ্ঠিত ওই সমাবেশে ছাত্রনেতারা ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এ ছাড়া বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।