বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় সাম্প্রদায়িক উসকানি ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় দেশ ও দেশের বাইরের সাম্প্রদায়িক উসকানি ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করাই ছিল ওই হামলার মূল উদ্দেশ্য।স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, হামলার জন্য দায়ী ব্যক্তিদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনার পেছনে যারা ভূমিকা রেখেছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে।মহীউদ্দীন খান আলমগীর বলেন, এ ঘটনা তদন্তে গঠিত কমিটি ইতিমধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। প্রতিবেদনে মোট ১১টি সুপারিশ এসেছে এবং সে অনুযায়ী কাজ চলছে। সুপারিশের উল্লেখযোগ্য দিক জানতে চাইলে তিনি বলেন, সুপারিশ অনুযায়ী কাজ চলছে, জড়িত ব্যক্তিদের নাম ধীরে ধীরে জানানো হবে। তিনি আরও বলেন, রামুতে বৌদ্ধপল্লিতে হামলা ঠেকানোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাফিলতি ছিল বলে তিনি মনে করেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রান্তিক ব্যত্যয় বা প্রশাসনিক ব্যত্যয় ঘটেছে। এসব ক্ষেত্রে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নিল ওয়াকারের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামুর ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং বৌদ্ধ উপাসনালয় পুনর্নির্মাণের বিষয়ে জাতিসংঘের প্রতিনিধিকে জানানো হয়েছে। তিনি সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতা এবং সংস্থাটির সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।গত ২৯ সেপ্টেম্বর রাতে বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে।