বৌদ্ধসাধক বনভান্তের জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনভান্তে নামে খ্যাত বৌদ্ধসাধক সাধনানন্দ মহাস্থবিরের ৯৪তম জন্মদিন গতকাল মঙ্গলবার যথাযথ ধর্মীয় মর্যাদায় উদ্যাপিত হয়েছে। বনভান্তে ছিলেন বৌদ্ধধর্মাবলম্বীদের তীর্থস্থান রাঙামাটি রাজবন বিহারের অধ্যক্ষ। গত বছরের ৩০ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে বনভান্তের মহাপ্রয়াণ ঘটে। এরপর তাঁর মরদেহ বনবিহারে বিশেষ কায়দায় পেটিকাবদ্ধ করে রাখা হয়। বনভান্তের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শান্তি-সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ধর্মের বাণী অনুসরণের আহ্বান জানান।রাত ১২টা এক মিনিটে বনবিহার প্রাঙ্গণে বনভান্তের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। তার আগে সোমবার সন্ধ্যা থেকে বিভিন্ন বয়সের শত শত পুণ্যার্থী নারী-পুরুষ ফুলের তোড়া, কেকসহ নানা দানসামগ্রী নিয়ে রাজবন বিহার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। ভোর সাড়ে চারটায় বনভান্তের পেটিকাবদ্ধ মরদেহে প্রথমে বৌদ্ধসাধকেরা এবং পরে পুণ্যার্থী নারী-পুরুষেরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সকাল আটটায় বুদ্ধপূজাসহ ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে বিহার মাঠে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। এতে অন্যান্যের মধ্যে ধর্মীয় দেশনা (উপদেশ) দেন রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের শিষ্যসংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও ফুরামোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির। স্বাগত বক্তব্য দেন রাজনব বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান। ধর্মীয় আলোচনায় পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশ ও বিশ্বের শান্তি, সুখ-সমৃদ্ধি, মঙ্গল ও উন্নতি কামনা করা হয়। এ সময় বৌদ্ধসাধকেরা বলেন, গৌতম বুদ্ধ ও বনভান্তের অহিংস নীতি, পরমতসহিষ্ণুতা, সব প্রাণীর প্রতি দয়া দেখালে এবং হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করলে দেশ ও সমাজে শান্তি আসবে।