ব্যক্তি উদ্যোগে কালভার্ট
কালভার্ট নির্মাণের জন্য স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে কালভার্ট নির্মাণ করা হয়নি। টাকা পড়ে আছে ব্যাংকে। এ পরিস্থিতিতে ভুক্তভোগী এক ব্যক্তি নিজের উদ্যোগে কালভার্টটি নির্মাণ করেছেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে এলজিএসপির আওতায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূঁয়াই গ্রামে জুড়ী-কুলাউড়া সড়কের এক পাশে মুক্তার খালের ওপর একটি কালভার্ট নির্মাণের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প কমিটির সভাপতি করা হয় জায়ফরনগর ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রোশনা বেগমকে। কিন্তু ওই অর্থবছরে কালভার্টটি নির্মাণ করেনি প্রকল্প কমিটি।
ভূঁয়াই গ্রামের বাসিন্দা ও জায়ফরনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পীযূষ কান্তি দাশ বলেন, ‘আগে খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে নিজেরসহ কয়েকটি বাড়ির লোকজন চলাচল করত। এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ওই জায়গায় কালভার্ট নির্মাণের দাবি জানানো হচ্ছিল। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে আশ্বাসও দেন। পরে অর্থ বরাদ্দের কথা শুনি। কিন্তু ওই টাকা দিয়ে কাজ করানো হয়নি। এ অবস্থায় ধারদেনা করে প্রায় দুই লাখ টাকা ব্যয় করে কালভার্ট নির্মাণ করি।’
অর্থ বরাদ্দের সত্যতা নিশ্চিত করে প্রকল্প কমিটির সভাপতি রোশনা বেগম গত শনিবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘ওই জায়গায় (নির্ধারিত স্থান) কালভার্ট নির্মাণের ব্যাপারে স্থানীয় বেশ কিছু লোকের আপত্তি ছিল। তাঁরা পাশের শাপলা ব্রিকস ফিল্ডের (ইটভাটা) কাছে একটি খালের ওপর এটি নির্মাণের দাবি জানান। টাকা এখনো ব্যাংকে ইউপি চেয়ারম্যান ও আমার যৌথ হিসাব নম্বরে রয়েছে। চেয়ারম্যান বলেছেন, চেকে স্বাক্ষর করতে। আমি করিনি। কারণ, এটা করলে যাঁরা আপত্তি তুলেছেন, তাঁরা আমাকে ভুল বুঝবেন।’
এ ব্যাপারে জানতে চাইলে জায়ফরনগর ইউপির চেয়ারম্যান নজমুল ইসলাম শনিবার মুঠোফোনে বলেন, ‘স্থানীয় কিছু সমস্যার কারণে সময়মতো কাজ করানো সম্ভব হয়নি। শুনেছি ব্যক্তি উদ্যোগে কালভার্টটি নির্মিত হয়েছে। কাজ দেখে যেকোনো ব্যবস্থা করে বরাদ্দ করা টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের বুঝিয়ে দেওয়া হবে।’