‘একতরফা নির্বাচনে’ কোনো দল বা ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহূত না হতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ গতকাল শনিবার অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিওবার্তা ও বিবৃতিতে এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলে একতরফা প্রহসনের নির্বাচন করতে চায়। আমরা নির্বাচন কমিশনকে আবারও আহ্বান জানাই, সরকারের তল্পিবাহক না হয়ে প্রহসনের এই নির্বাচন অবিলম্বে স্থগিত করুন। প্রজাতন্ত্রের সব সম্মানিত কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানাই, আপনারা দেশের জনগণ ও রাষ্ট্রের সেবক হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। কোনো ব্যক্তি বা দলের অবৈধ ইচ্ছা বা আদেশ পালনের হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহূত হবেন না।’
নির্দলীয় সরকারের দাবির এই আন্দোলনে সরকার পতন ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, একতরফা নির্বাচনে শিক্ষকসমাজের একটি বৃহৎ অংশ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছে। এর পরও সেই একতরফা নির্বাচন অনুষ্ঠানের জন্য এই অবৈধ সরকার গোঁ ধরে বসে আছে।
বিএনপির মুখপাত্র বলেন, শেখ হাসিনা তাঁর বাবার মতো আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিতে পারেন। তাতে অন্তত রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে না।