ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অপরাধ করলে এর দায় ব্যক্তিকেই নিতে হবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবে ডিএমপি।
গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। এতে ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে অপরাধ বিভাগের উপকমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনাররা উপস্থিত ছিলেন। অপরাধ সভা চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
সভায় উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তারা বলেন, সভায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মারধরের ঘটনা নিয়ে আলোচনা হয়। এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ সদস্যদের উদ্দেশ করে বলেন, কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নিতে পারে না। ব্যক্তির অপরাধ ব্যক্তিকেই পেতে হবে। অপরাধ করলে কোনো পুলিশ সদস্য ছাড় পাবেন না। এ ক্ষেত্রে ডিএমপি জিরো টলারেন্স দেখাবে। পুলিশের কাছে যে কেউ সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করতে হবে। এখন থেকে নারী পুলিশ কর্মকর্তা ধর্ষণের মামলা তদন্ত ও ধর্ষণের শিকার নারীকে জিজ্ঞাসাবাদ করবে। পুলিশের আইনশৃঙ্খলা রক্ষায় আরও পরিশ্রমী ও জনবান্ধব হতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
বৈঠকে ডিএমপি কমিশনার বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশকে মানুষের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেন। আলোচিত মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার গতকাল প্রথম আলোকে বলেন, ডিসেম্বর মাসে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার, ওই অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) সাত্যকি কবিরাজ ও গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমানকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।