ব্যক্তিগত অপরাধের দায় নেবে না বাহিনী: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কোনো সদস্যের ব্যক্তিগত বিচ্যুতি বা অপরাধের দায় নেবে না বাহিনী। এ ধরনের ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের নিয়মিতভাবে বলা হচ্ছে, কাউন্সেলিং করা হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্রের ওপর পুলিশি নির্যাতনের বিষয়ে বলতে গিয়ে এসব কথা বলেন মনিরুল।

যুগ্ম কমিশনার বলেন, ঘটনা দুটি তদন্তে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। দ্রুততম সময়ে তাঁরা প্রতিবেদন দেবেন। তাঁদের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেবে পুলিশ। এরই মধ্যে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা দুটির তদন্তে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা সংশ্লিষ্ট কারও গাফিলতির প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের নভেম্বরে ঢাকা জেলার প্রশিক্ষণার্থী সহকারী পুলিশ সুপার মশিউর রহমান মদ্যপ অবস্থায় শাহবাগে গণমাধ্যমের দুজন কর্মীকে মারধরের ঘটনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, বিষয়টি তাঁর জানা নেই।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ তদন্ত করলে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব কি না, জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, পুলিশের করা তদন্তের ভিত্তিতে পুলিশ সদস্যের ফাঁসিও হয়েছে। অনেক বড় অপরাধীর শাস্তি হয় পুলিশের তদন্তের ভিত্তিতে। তাই রাষ্ট্রের এই বাহিনীর প্রতি সবার আস্থা রাখতে হবে।

নির্দেশ অমান্য করে পুলিশ সিভিল টিম পরিচালনা করছে কি না, জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, সিভিল টিমের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সিভিল টিম পরিচালনা আর সাদা পোশাকে কর্তব্য পালন এক বিষয় নয়। কৌশলগত কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে সাদা পোশাকে অভিযান চালানো যেতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলোয় বিষয়টির ব্যত্যয় ঘটেছে কি না, তা তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।