পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বিভাগের নয়। গতকাল শনিবার দুপুরে সিলেটে এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
দেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের জড়িত থাকার অভিযোগ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে আইজিপি বলেন, ‘কোনো পুলিশ সদস্য যদি কোনো অপরাধ করে থাকেন, সেটা তাঁর দায়। কারও ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বিভাগের নয়। তবে তদন্তে কোনো পুলিশ সদস্যের অপরাধ প্রমাণ হলে আমরা চাকরিচ্যুত করতেও দ্বিধা করি না।’
জনস্বার্থ ও মানবাধিকার-বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করেন।
যত দোষ পুলিশের: সেমিনারের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, বাংলাদেশে যত দোষ পুলিশের। সবকিছুতেই পুলিশের দোষ দেখা হয়। যেহেতু বাংলাদেশে সমস্যার পাহাড়, তার সমাধানে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়। তাই পুলিশ দায়িত্ব নিয়েছে, দায়িত্ব পালন করছে, পালন করবে।
দিনব্যাপী এ সেমিনারে সভাপতিত্ব করেন এইচআরপিবির সভাপতি মনজিল মোরসেদ।