ব্যক্তিগত অপরাধের দায় পুলিশের নয়: আইজিপি

কারও ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বিভাগের নয় বলে মনে করেন আইজিপি একেএম শহীদুল হক। আজ শনিবার দুপুরে সিলেটের একটি সেমিনার শেষে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের জড়িত থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো পুলিশ সদস্য যদি কোনো অপরাধ করে থাকে, সেটা তাঁর দায়িত্ব। কারও ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বিভাগের নয়। তবে তদন্তে যদি কোনো পুলিশ সদস্যের অপরাধ প্রমাণ হয়, সে ক্ষেত্রে আমরা চাকরিচ্যুত করতেও দ্বিধা করি না।’
দুপুরে সিলেটে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আয়োজিত ‘প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে আইজিপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন এইচআরপিবির সভাপতি মঞ্জিল মোর্শিদ। সেমিনারে জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেটের সরকারি কৌঁসুলি মিসবাহউদ্দিন সিরাজ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন।