ব্যক্তিগত অর্থে সড়ক সংস্কারের কাজ শুরু করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রধান সড়কটির সংস্কারকাজ অবশেষে নিজের পকেটের টাকা দিয়ে শুরু করেছেন স্থানীয় সাংসদ। তিন বছর ধরে দৌড়ঝাঁপ করে সরকারি অর্থ বরাদ্দ না পেয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি গতকাল শনিবার ওই কাজ শুরু করেন। সোনারগাঁ উপজেলার প্রধান সড়কটি শের শাহর আমলে নির্মিত ঐতিহাসিক গ্রান্ড ট্র্যাংক রোড হিসেবে পরিচিত। এ সড়কটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত অংশে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ না করার কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তের মধ্যে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। প্রতিদিনই ঘটে ছোটখাটো সড়ক দুর্ঘটনা। বাড়িমজলিশ গ্রামের বাসিন্দা শিমুল ভূঁইয়া ও রমজান মিয়া জানান, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সড়কটি ব্যবহার করে উপজেলার ২৪টি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব সরকারি দপ্তরে বিভিন্ন কাজে আসা মানুষ যাতায়াত করেন। সোনারগাঁ উপজেলা ছাড়াও এ সড়কে বৈদ্যেরবাজার লঞ্চঘাট ব্যবহার করে নৌপথে কুমিল্লার মেঘনা, হোমনা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একাংশের মানুষ যাতায়াত করেন। সড়কটি সংস্কারের জন্য তিন বছর ধরে এলাকাবাসী মিছিল, মানববন্ধন ও প্রশাসনকে স্মারকলিপি দেওয়াসহ নানা আন্দোলন করেন। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার তিন বছরে একাধিকবার প্রতিশ্রুতি দেন সড়কটি সংস্কার করে দেওয়ার। ২০১২ সালে সড়ক ও জনপথ সড়কটির মোগরাপাড়া চৌরাস্তায় কাজ শুরু করে অর্থ বরাদ্দ না থাকায় তা আবার বন্ধ হয়ে যায়। এ সড়কটির দুরবস্থা নিয়ে গত তিন বছরে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।সাংসদ আবদুল্লাহ বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদন ও গণদাবির পরিপ্রেক্ষিতে জনদুর্ভোগের কথা মাথায় এনে আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে সড়কটি সংস্কার করার উদ্যোগ নিয়েছি। সরকারি অর্থ ছাড়া এ দেশে প্রথম আমিই সড়ক সংস্কার করার উদ্যোগ নিয়েছি। আপনারা (সাংবাদিকেরা) তদন্ত করে দেখুন, আমি কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা সরকারি অর্থ নিয়েছি কিনা।’ কাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় শহীদ মজনু পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংসদ ছাড়াও এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা। অনুষ্ঠান শেষে ওই পার্ক থেকেই সড়কটির সংস্কারকাজ শুরু করা হয়। অনুষ্ঠানে সাংসদ জানান, এতে ব্যয় হবে ৩০ লাখ টাকা।