ব্যক্তিগত আক্রোশ থেকে বাংলাদেশ টেলিভিশনে ‘পৌর দর্পণ’ নামে একটি অনুষ্ঠানের নির্মাতা ও পরিচালক শহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতজন জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার করা হলেন মো. রায়হান ওরফে রোহান, লিটু আনাম ওরফে লিটন, আসলাম উদ্দিন, আমান উল্লাহ, মাহবুবা আক্তার ওরফে তৃষা, আবির হোসাইন বাঁধন ও তোফাজ্জল হোসেন। গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ও পাবনা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রোহান ও লিটন নিহত শহিদুলের কার্যালয়ের কর্মচারী। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে পাবনা সদর থানা এলাকার শালগারিয়ার একটি আবাসিক হোটেল থেকে রোহান, লিটন, আসলাম ও আমানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে অন্য ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিগত আক্রোশ থেকে ঘটনার কয়েক দিন আগে শহিদুলকে খুন করার পরিকল্পনা করেন রোহান ও লিটন। এ জন্য তাঁরা সেলুন থেকে ৫০ টাকা দিয়ে একটি ক্ষুর কেনেন। পরিকল্পনা অনুযায়ী, রোহান ও লিটনসহ অন্যরা ঘটনার দিন শহিদুলের উত্তরার কার্যালয়ে যান। কথাবার্তার একপর্যায়ে শহিদুলের সঙ্গে লিটন ও রোহানের কথা-কাটাকাটি হয়। তখন রোহান ও লিটন ক্ষিপ্ত হয়ে কাচের বোতল, গ্লাস ও ক্ষুর দিয়ে শহিদুলের মাথাসহ স্পর্শকাতর জায়গায় উপর্যুপরি আঘাত করেন। এতে শহিদুল নিস্তেজ হয়ে পড়েন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া বাঁধন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, রোহানের অনুরোধে তিনি তৃষাকে নিয়ে শহিদুলের কার্যালয়ে গিয়েছিলেন। ওই দিন অনুষ্ঠানের ব্যাপারে শহিদুলের সঙ্গে তৃষার সাক্ষাৎ করিয়ে দেওয়ার কথা ছিল। গ্রেপ্তার তোফাজ্জল জিজ্ঞাসাবাদে জানান, তিনি সেলুনে চাকরি করেন। ফোন করে রোহান তাঁকে শহিদুলের কার্যালয়ে যেতে বলেছিলেন।১ এপ্রিল উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে নিজ কার্যালয় মিডিয়া ভিশন থেকে শহিদুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় শহিদুলের পরিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কর্মচারী লিটন, রোহানসহ কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন। কর্মচারীরা আগে থেকেই পরস্পর পরিচিত। ঘটনার কয়েক দিন আগে ভিডিও ফুটেজ চুরির অভিযোগে রোহানকে চাকরিচ্যুত করেন শহিদুল। এ নিয়ে ফোনে রোহানের সঙ্গে শহিদুলের বাগিবতণ্ডা হয়।