ব্যক্তিগত খামারবাড়িতে সরকারি টাকায় সড়ক, কালভার্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সরকারি ৫৫ লাখ টাকা ব্যয়ে এক ব্যক্তির খামারবাড়ির ভেতরে সড়ক ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। সড়কটি সাধারণ জনগণের কোনো উপকারে আসবে না। এলাকাবাসীর অভিযোগ, শুধু জমির দাম বাড়ানো এবং খামারবাড়ির মালিকের সুবিধার জন্যই সড়কটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রংপুর শহরের নিউ জুম্মাপাড়ায় তছলিম উদ্দিন আহমেদের খামারবাড়িতে এই সড়ক ও কালভার্ট নির্মাণ করেছে।এলজিইডি রংপুর সদর উপজেলা কার্যালয় সূত্র জানায়, এলজিইডির বৃহত্তর রংপুর-দিনাজপুর প্রকল্পের (জিআরডিপি) আওতায় রংপুর শহরের নিউ জুম্মাপাড়ায় তছলিম উদ্দিন আহমেদের আবাদি জমিতে (যা খামরাবাড়ি বলে পরিচিত) ৮৭০ মিটার সড়ক ও ৯ মিটার দৈর্ঘের একটি কালভার্ট নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজ। গত বছরের ১৩ ডিসেম্বর দরপত্রের মাধ্যমে ঠিকাদার এই কাজ পান। দিন দশেক আগে সরেজমিন দেখা গেছে, খামারবাড়িতে পূর্ব প্রান্ত দিয়ে ঢুকতেই একটি লোহার ফটক (গেট)। অবশ্য গত মঙ্গলবার গিয়ে ফটকটি দেখা যায়নি। স্থানীয় সূত্র জানায়, ফটকটি সপ্তাহ খানেক আগে খুলে ফেলা হয়েছে। আর সড়কের পশ্চিম প্রান্তে আছে আরেকটি ফটক। এটি প্রায় বন্ধ থাকে।খামারবাড়ির মধ্য দিয়ে পূর্ব-পশ্চিমে পাকা সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি যেখানে গিয়ে শেষ হয়েছে (পশ্চিম প্রান্ত), সেখানে খামারবাড়ি মালিকের ১২টি পুকুর রয়েছে। আর রাস্তার এই প্রান্তে বাঁশ-টিনের একটি ছোট দরজা লাগানো আছে। এই দরজা দিয়ে খামারবাড়ির লোকজন ছাড়া অন্য কেউ যাতায়াত করতে পারে না। সড়কের দুই ধারে আবাদি জমি। এক পাশে খামারবাড়ি মালিকের একটি স্কুল এবং একটি গরুর খামার রয়েছে। সড়কে ইটের খোয়া বিছিয়ে তার ওপর বালু ফেলা হয়েছে। এখন শুধু কার্পেটিং বাকি। রাস্তার পূর্ব প্রান্ত থেকে প্রায় ৭০০ মিটার পর খামারবাড়ির পানি সরার জন্য একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। খামারবাড়ির পাশের মাস্টারপাড়ার লোকজনের অভিযোগ, সরকারি ব্যয়ে নির্মিত এই সড়ক ও কালভার্ট সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। ব্যক্তিগত ফায়দার জন্য এক ব্যক্তির জমির মূল্য বাড়াতে সরকারের ওপর মহলে তদবির করে এই কাজ করা হয়েছে। মাস্টারপাড়ার কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘দেখতোছি রাস্তা হইতোছে। একটি পুল হইছে। কিন্তু এটা দিয়া কারও কোনো উপকারে আসতোছে না।’ একই এলাকার ব্যবসায়ী মোমিনুল ইসলাম বলেন, জনগণের জন্য এই রাস্তা নয়। এই রাস্তায় ওনার খামারবাড়ির উপকার হবে।ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যতম স্বত্বাধিকারী তরু ইসলাম বলেন, ইতিমধ্যে ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ আপাতত বন্ধ আছে। ওই জমিতে সড়ক নির্মাণ করা হলেও অন্য কোনো সড়কের সঙ্গে এটির সংযোগ নেই।এ ব্যাপারে জানতে এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।এক ব্যক্তির খামারবাড়ির ভেতরে রাস্তা নির্মাণ এবং অন্য কোনো সড়কের সঙ্গে এটির সংযোগ না থাকার ব্যাপারে জানতে চাইলে এলজিইডি রংপুরের সহকারী প্রকৌশলী মাহবুব আলম বলেন, সেটি দেখার বিষয় নয়। প্রকল্প নির্ধারণ হওয়ার পর এলজিইডি দরপত্র আহ্বান করে। এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।খামারবাড়ির স্বত্বাধিকারী তছলিম উদ্দিন আহমেদ জানান, সেখানে তাঁর প্রায় ১৬ একর আবাদি জমি আছে। তিনি দাবি করেন, এলাকার মানুষের সুবিধার জন্যই এই সড়ক ও কালভার্ট। কিন্তু এই সড়ক দিয়ে খামারবাড়ি ছাড়া আর কোথাও তো আসা-যাওয়া করা যায় না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য সড়কের সঙ্গে এই সড়কের সংযোগ কীভাবে করা যায়, তা পরে ভেবে দেখা হবে।