ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হবে: সেতুমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মানিক মিয়া অ্যাভিনিউর উত্তর পাশে (দক্ষিণ প্লাজা) আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেন, আগামী মার্চ মাসের মধ্যে রাজধানীর গুলশান-বনানী ও মোহাম্মদপুর-মিরপুর এলাকার দুটি সড়ক গাড়িমুক্ত করা হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষসহ (ডিটিসিএ) সরকারি ও বেসরকারি ৪৪টি সংস্থা ‘যানজট ও দূষণমুক্ত নগরায়ণে প্রয়োজন গণপরিবহন-ব্যবস্থার উন্নয়ন ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জাকির হোসেন মজুমদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইনে ব্যক্তিগত, পরিবারপ্রতি গাড়ি ব্যবহারের ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। গাড়ির ব্যবহার সীমাবদ্ধ করতে হবে। আইনে বাধ্যবাধকতা থাকবে। আর দুর্ঘটনা, যানজট, নিয়মভঙ্গে কড়াকড়িভাবে আইন প্রয়োগ করা হবে। সড়ক পরিবহন আইনে দুর্ঘটনা, যানজটের ক্ষেত্রে যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধানসংবলিত বিল সংসদে তোলা হবে।

সেতুমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সমীক্ষায় বারবার দেখা যায়, ঢাকা বিশ্বের “মোস্ট আনলিভেবল” বা “বসবাস অযোগ্য” শহরের মধ্যে দ্বিতীয়। এই মূল্যায়নে হেরফের হতে পারে। তবে ঢাকা এখনো বসবাসের অনুপযোগী, তা মানতে হবে। যানজট আমাদের বাস্তবতা।’ গুলশান-বনানী এলাকায় বনানী সুপার মার্কেটের কাছের একটি সড়ক গাড়িমুক্ত করার জন্য নির্ধারণ করা হয়েছে বলে জানান ডিএনসিসির মেয়র আনিসুল হক।

রাজধানীতে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন থাকায় যানজট নিয়ন্ত্রণ করা কঠিন বলে মন্তব্য করেন আনিসুল হক। তিনি বলেন, ‘ঢাকায় গাড়ির ধারণক্ষমতা ৩ থেকে ৪ লাখ। সেখানে যদি ১১-১২ লাখ যানবাহন থাকে, তাহলে কীভাবে, কোন শক্তিতে, কোন মহামন্ত্রে এই শহরের যানজট ঠেকাব?’

বিশ্বের বিভিন্ন শহরে পার্কলেট দেখা যায়। পার্কলেট মূলত ফুটপাতের বর্ধিত অংশ। সেখানে হাঁটার জায়গা থাকে, সাইকেল লেন থাকে, খেলার জায়গা, খাবার দোকান থাকে। গতকাল মানিক মিয়া অ্যাভিনিউর অনুষ্ঠানস্থলের অংশটি পার্কলেটের আদলে বানানো হয়েছিল। ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের উদ্দেশ্য হলো সচেতনতা বাড়ানো, মানুষকে অযান্ত্রিক যান ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা। ইউরোপে সত্তরের দশক থেকে ২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের প্রচলন শুরু হয়। বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারিভাবে পালিত হয়ে এলেও এবারই প্রথম সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। প্রতিবছর বিশ্বের প্রায় চার হাজার শহরে এই দিবস পালিত হয়।