ব্যক্তিগত গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও উড়ালসেতুর নিচে গতকাল শনিবার দুপুরে ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা (৬৫) মারা গেছেন। খিলগাঁও থানা সূত্র জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে খিলগাঁও উড়ালসেতুর নিচে দ্রুতগামী একটি প্রাইভেট কার বৃদ্ধাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ওই গাড়ির চালক রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরনে ছিল সাদা রঙের শাড়ি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, বৃদ্ধাকে চাপা দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক সুরুজসহ গাড়িটি আটক করা হয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।