ব্যক্তিগত গোপনীয়তা ও এফবিআইয়ের নজরদারি
এক যুগ ধরে কী করেছেন, কোথায় গেছেন, কী খেয়েছেন—এমন সব ব্যক্তিগত তথ্য ছবিসহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান এলাহী।২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর হাসান এলাহীকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন ইমিগ্রেশন ও ন্যাচারালাইজেশন সার্ভিসের (আইএনএস) জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হয়েছে তাঁকে। জিজ্ঞাসাবাদে হাসান এলাহীর বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পাওয়া গেলেও তাঁর কার্যক্রম সম্পর্কে সজাগ থাকতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়।এরপর হাসান এলাহী তাঁর ব্যক্তিগত সব তথ্য জনসমক্ষে প্রকাশের জন্য নিজেই একটি ওয়েবসাইট খোলেন। আর গত এক দশকেরও বেশি সময়ের সব তথ্যই সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। গত রোববার তিনি মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এ এক নিবন্ধে তাঁর প্রতিটি পদক্ষেপের কথা ব্যাখ্যা করেছেন।মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক কখন কোথায় গেছেন, কী খেয়েছেন, এমনকি তিনি শৌচাগারে কী ধরনের আসন ব্যবহার করতেন, তা-ও উল্লেখ করেছেন। তুলে ধরেছেন ডেবিট কার্ডের মাধ্যমে সব ধরনের লেনদেনের তথ্য, কখন কোথায় কী কিনেছেন, তা-ও। এমনকি তিনি যেসব খাবার খেয়েছেন এবং যেসব স্থানে গিয়েছেন, সেসব খাবার ও স্থানের ছবিও তিনি তাঁর ওয়েবসাইটে তুলে ধরেছেন। আর প্রায়ই তিনি এসব তথ্য ই-মেইলে এফবিআইয়ের কাছে পাঠিয়েছেন।হাসান এলাহী নিউইয়র্ক টাইমস-এর ওই নিবন্ধে লেখেন, ‘আপনারা আমাকে নজরদারিতে রাখতে চান? ঠিক আছে। কিন্তু আপনারা যেমনটা চান, তার চেয়ে আমার সম্পর্কে ভালো নজরদারির তথ্য আমি আপনাদের দিতে পারি। এটা এত বিস্তারিত হবে যে আপনারা কখনই এমনটা দেখেননি।’২০০১ সালে পর্যবেক্ষণে থাকা সন্ত্রাসীদের কালো তালিকায় হাসান এলাহীর নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র সরকার ভুল করে তাঁর নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করে।নিজের সম্পর্কে তথ্য ওয়েবসাইটে প্রকাশ শুরু করার পর হাসান এলাহীকে কখনো আটক করা হয়নি। তিনি লিখেছেন, তখন থেকে বিভিন্ন সময়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা (সিআইএ), ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ন্যাশনাল রিকনিসনস অফিস ও মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয় থেকে নিয়মিত তাঁর ওই ওয়েবসাইট দেখা হয়েছে। হাসান এলাহীর ওয়েবসাইটে ২০ হাজারেরও বেশি ছবি এবং প্রচুর ব্যক্তিগত তথ্য রয়েছে, যা একজন ব্যক্তির জন্য অনেক বেশি। তবে এলাহী তাঁর তথ্যগুলো দিয়েছেন অত্যন্ত বিশৃঙ্খলভাবে। তিনি লিখেছেন, আমি স্বতঃস্ফূর্তভাবে সব তথ্য তুলে ধরেছি, আমার জীবন সম্পর্কে আর কোনো তথ্য বাকি নেই। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে, যখন জীবনের সব তথ্যই নথিবদ্ধ করা হয়, তখন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার উপায় হলো ব্যক্তিগত গোপনীয়তা বিসর্জন দেওয়া। ওয়াশিংটন পোস্ট ও ফোর্বস।