ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে অধ্যাপক শফিউল খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিউল ইসলাম হত্যাকাণ্ড
শফিউল ইসলাম হত্যাকাণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ওরফে উজ্জ্বলসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, জঙ্গিদের হাতে নয়, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে খুন হন অধ্যাপক শফিউল।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক গত ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। শুনানি শেষে ১২ ডিসেম্বর আদালত সেটি গ্রহণ করেন। কিন্তু গণমাধ্যমকর্মীরা গতকাল বৃহস্পতিবারের আগে বিষয়টি জানতে পারেননি।
তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক গতকাল প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই শিক্ষক শফিউল ইসলামকে হত্যা করা হয়। অভিযোগপত্রে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তবে হত্যাকাণ্ডের পরে এ ঘটনায় জঙ্গি-সংশ্লিষ্টতার বিষয়টিই ব্যাপকভাবে আলোচিত হয়। তদন্তের প্রথম পর্যায়ে পুলিশও বলেছিল, জঙ্গি-সংশ্লিষ্টতার বিষয়েই তারা গুরুত্ব দিচ্ছে।
তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক জানান, মামলায় অভিযুক্ত বাকি ১০ জন হলেন সাবেক ছাত্রদল নেতা আবদুস সামাদ ওরফে পিন্টু, সামাদের স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের শাখা কর্মকর্তা নাসরিন আখতার রেশমা, আরিফুল ইসলাম মানিক, সবুজ, সাগর, জিন্নাত আলী, সিরাজুল ইসলাম, আরিফ, আল মামুন ও ইব্রাহিম খলিল বাবু ওরফে টোকাই বাবু। এর মধ্যে ইব্রাহিমের বাড়ি নগরের বোয়ালিয়া থানা এলাকায়। বাকি সবার বাড়ি মতিহার থানা এলাকায়। আনোয়ার বর্তমানে পলাতক। বাকি সবাই এ মামলায় কারাগারে।

২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পাঁচ ঘণ্টার মাথায় ফেসবুকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের একটি পেজ খুলে তাতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়। চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এ মামলায় এ পর্যন্ত তিনবার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। প্রথমে তদন্তের দায়িত্ব পান মতিহার থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। মামলাটি এ বছরের ২১ জানুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়। তখন তদন্তের দায়িত্ব পান ডিবির ওসি আবদুল মজিদ। এরপর মামলা তদন্তের দায়িত্ব পান ডিবির উপপরিদর্শক আশিকুর রহমান। সর্বশেষ গত ২৫ অক্টোবর মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবির পরিদর্শক রেজাউস সাদিককে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ক্যাম্পাসের আশপাশের এলাকা থেকে ১১ জনকে আটক করে রিমান্ডে নেয় পুলিশ। অপর দিকে রাজশাহী ও ঢাকায় অভিযান চালিয়ে ২৩ নভেম্বর ছয়জনকে আটক করে র‌্যাব। অভিযোগপত্রে এই ছয়জনকেই অভিযুক্ত করা হয়েছে। তাঁরা র‌্যাবের কাছে খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করে র‌্যাব। র‌্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে নাসরিন আখতার রেশমার সঙ্গে অধ্যাপক শফিউল ইসলাম ‘অসৌজন্যমূলক আচরণ’ করেছিলেন। এর জের ধরেই তাঁকে খুন করা হয়।

অভিযোগপত্রে অসন্তুষ্ট পরিবার: অভিযোগপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহত শফিউল ইসলামের পরিবার। মামলায় অভিযুক্ত আসামিদের নাম শুনে শফিউলের ছেলে সৌমিন শাহরিদ প্রথম আলোকে বলেন, ‘যেভাবে মামলার তদন্ত হয়েছে, তাতে সন্তুষ্ট হওয়ার মতো কিছুই নেই। এটা শুধু আইওয়াশ। ঘটনার সঙ্গে জড়িত আসল মহল পার পেয়ে যাচ্ছে।’

প্রতিবাদ সভা: অভিযোগপত্রে জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের নাম রাখায় গতকাল বিকেলে রাজশাহীর বাঘায় শাহদৌলা ডিগ্রি কলেজ মাঠে এক প্রতিবাদ সভা করেছে বাঘা উপজেলা ও পৌর যুবদল। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল সভাপতি আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন।