ব্যক্তিগত নিরাপত্তা প্রশ্নে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩০তম। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতকেও পেছনে ফেলেছে দেশ। যুক্তরাষ্ট্রের নামকরা জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
‘বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০১৫’ শীর্ষক প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এই গবেষণার আওতায় ২০১৪ সালে বিশ্বের ১৪১টি দেশের ১ লাখ ৪২ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের তিনটি প্রশ্ন করা হয়: ‘আপনি যেখানে বাস করেন, সেখানকার পুলিশ বাহিনীর প্রতি আপনার আস্থা আছে?’, ‘যেখানে বাস করেন, সেখানে রাতের বেলা একাকী হাঁটা নিরাপদ মনে করেন?’ এবং ‘গত ১২ মাসের মধ্যে আপনার বা পরিবারের কোনো সদস্যের টাকাপয়সা বা সম্পদ চুরি হয়েছে?’ এসব প্রশ্নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় ব্যক্তিগত নিরাপত্তা এবং অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বোঝার চেষ্টা করা হয়েছে।
৮৯ স্কোর পেয়ে তালিকায় সিঙ্গাপুর সবার ওপরে রয়েছে। গত বছরও দেশটি শীর্ষে ছিল। জরিপে অংশ নেওয়া দেশটির প্রতি ১০ জনের ৯ জনই বলেছেন, তাঁরা নিজেদের এলাকায় রাতে একাকী হাঁটার সময় নিরাপদ বোধ করেন। তালিকার শীর্ষ দশে রয়েছে উজবেকিস্তান (৮৮), হংকং (৮৭), ইন্দোনেশিয়া (৮৭), সুইজারল্যান্ড (৮৬), নরওয়ে (৮৫), কানাডা (৮৫), তাজিকিস্তান (৮৪), জর্জিয়া (৮৪) ও ডেনমার্ক (৮৪)।
তালিকার ৩০ নম্বরে থাকা বাংলাদেশের স্কোর ৭৮। জাপান ও নিউজিল্যান্ডের স্কোরও তা-ই। ৩৮ নম্বরে থাকা যুক্তরাষ্ট্র ও ৭৭ নম্বরে থাকা ভারতের স্কোর যথাক্রমে ৭৭ ও ৬৭।
দক্ষিণ এশিয়ার ভেতরে একমাত্র শ্রীলঙ্কার (স্কোর-৭৯) অবস্থান বাংলাদেশের আগে। এর বাইরে ভুটান ও নেপাল উভয়ের স্কোরই ৭৩। আর পাকিস্তান ও আফগানিস্তানের স্কোর যথাক্রমে ৬০ ও ৫২। তালিকায় সবার পেছনে থাকা লাইবেরিয়ার স্কোর ৪০।