প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে কাজ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, নানাজনের নানা ধরনের রাজনৈতিক মত ও পছন্দ-অপছন্দ থাকতে পারে, কিন্তু সরকারি কর্মকর্তা হিসেবে সবাইকে শুধু জনগণের কল্যাণের কথা চিন্তা করে কাজ করতে হবে। গতকাল রোববার সাভারে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিটিসি) মিলনায়তনে অনুষ্ঠিত ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বিসিএস ক্যাডারদের উদ্দেশে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।দেশের মানুষের সেবাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব—এ কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য থেকে আপনাদের বিন্দুমাত্রও বিচ্যুত হওয়া চলবে না। কেননা, সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতার প্রতিটি পয়সা এ দেশের সাধারণ মানুষের।শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ভুলে গেলে চলবে না আপনারা জনগণের সেবাদাস। আপনারা যেখানেই কাজ করুন, আপনাদের দেশাত্মবোধ, সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।’প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করার জন্য তরুণ বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, ‘প্রিয় মাতৃভূমির প্রকৃত ইতিহাস এবং স্বাধীন বাংলাদেশে স্বার্থান্বেষী মহল কীভাবে সেই ইতিহাস বিকৃত করেছে, তা আপনাদের জানতে হবে।’জাতির বৃহত্তর স্বার্থে চার মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স থেকে আহরিত জ্ঞান কর্মকর্তাদের বৃহত্তর কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে অধ্যয়ন অব্যাহত রাখারও আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে আমি আশা করব আপনারা পড়াশোনার সঙ্গে সম্পর্কচ্ছেদ করবেন না এবং বিভিন্ন কুসংস্কার থেকে গ্রামীণ জনগণকে মুক্ত করতে ও তাঁদের সন্তানদের যথাযথ শিক্ষা ও স্বাস্থ্য-সুবিধা নিশ্চিত করতে সহায়তা করে যাবেন।’প্রধানমন্ত্রী বয়স্কভাতা, বিধবাভাতা, দুস্থ মুক্তিযোদ্ধাভাতা ও কৃষিতে ভর্তুকিসহ সরকারের বিভিন্ন জনমুখী কর্মসূচির উল্লেখ করে প্রকৃত দাবিদারদের কাছে এসব কর্মসূচির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী কিছু দাবি-দাওয়া প্রসঙ্গে, বিশেষ করে নারী প্রশিক্ষণার্থীর জন্য আবাসন-সুবিধা বৃদ্ধি ও বিপিএটিসিতে ‘ডে কেয়ার সেন্টার’ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।