ব্যক্তিগত বিরোধে এনামুল খুন হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মী এনামুল হোসেনকে (২০) ব্যক্তিগত বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন পারভেজ (২৪), জুয়েল (২৭), সানি (২২) ও মেঘলা (৪৫)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, সিসিটিভির ফুটেজ দেখে এই চারজনকে শনাক্ত করা হয়েছে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন দাবি করেন, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাড়িতে অবৈধ ব্যবসার আড্ডা বানিয়েছিলেন মেঘলা। সেখানে যাতায়াত ছিল নিহত এনামুলের। সেখানে আর্থিক লেনদেন নিয়ে এনামুলের সঙ্গে বিরোধ হয়। মেঘলা বিষয়টি স্থানীয় পারভেজ, সানি ও জুয়েলকে জানান। ঘটনার আগের দিন বিকেল পাঁচটার দিকে ওই বুথের কাছাকাছি স্থানে এনামুলের সঙ্গে জুয়েল ও সানির দেখা হয়। এনামুলকে তাঁরা হুমকি-ধমকিও দেন। ওই দিন গভীর রাতে পারভেজকে সঙ্গে নিয়ে এনামুলকে বুথের সামনে হত্যা করেন জুয়েল ও সানি। হত্যাকাণ্ডের আগে মেঘলা বুথের সামনে এসেছিলেন।
গত শনিবার ভোরে নূরজাহান রোডে ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে বুথটির নিরাপত্তাকর্মী এনামুলের লাশ উদ্ধার করা হয়। তিনি এলিট ফোর্স নামের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী ছিলেন।