ব্যক্তিগত সফরে ঢাকায় সস্ত্রীক টনি ব্লেয়ার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তিন দিনের ব্যক্তিগত সফরে গতকাল শুক্রবার সস্ত্রীক ঢাকায় এসেছেন। তিনি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ে কথা বলবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। ঢাকা সফরের প্রথম দিনে টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি ব্লেয়ার গতরাতে তাঁদের সম্মানে পররাষ্ট্র ভবনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দেওয়া নৈশভোজে অংশ নেন।কুয়ালালামপুর থেকে একটি বিশেষ বিমানে গতকাল শুক্রবার শেষ দুপুরে ঢাকায় পৌঁছান যুক্তরাজ্যের সাবেক লেবারদলীয় প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী। প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান। দুটি শিশু টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি ব্লেয়ারের হাতে ফুলের তোড়া তুলে দেয়। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিভেন ইভান্স। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টনি ব্লেয়ার সরাসরি বারিধারায় হাইকমিশনারের বাসভবনে চলে যান। ঢাকা সফরের সময় তিনি সেখানেই থাকবেন। তিন দিনের সফর শেষে টনি ব্লেয়ারের আগামীকাল সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে।