ব্যক্তিগত সম্পর্কগুলোকে নতুন আকৃতি দিচ্ছে করোনাভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে একটি পরিবার। ছবি: সংগৃহীত
একসঙ্গে একটি পরিবার। ছবি: সংগৃহীত

বিশ্ব মহামারি কোভিড-১৯ করোনাভাইরাস মানুষে মানুষে সম্পর্কের নতুন মাত্রা নির্ধারণ করে দিচ্ছে। হাতে গোনা কিছু মানুষের খুব কাছাকাছি অবস্থান, অন্যদিকে কিছু মানুষের কাছ থেকে একেবারেই দূরে রেখে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটাচ্ছে করোনাভাইরাস। যেমন কাছের সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত নিবিড় সম্পর্ক গড়ে ওঠার ইতিবাচক পরিবেশ তৈরি করে দিয়েছে লকডাউন, অপর পক্ষে বন্ধুবান্ধবসহ সমাজের বৃহৎ অংশের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ করছে।

মূলত এ ভাইরাসের উৎপত্তিস্থল চীন, যেখানে ভাইরাসটি সংক্রমণের প্রথম দিকেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয় এবং হংকংয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা থেকে শুরু করে কর্মীদের ঘরে অবস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়। দীর্ঘদিনের ব্যবধানে ভাইরাসটি মোটামুটি নিয়ন্ত্রণে এনে চীনে এখন কিছুটা স্বস্তির আভাস মিলছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে স্বস্তি নেই। চীনে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হলেও এই মহামারি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন বয়ে আনছে। অর্থনৈতিক দুরবস্থা গৃহবন্দী জীবনের অভিশাপকে আরও বাড়িয়ে দিয়ে বৈবাহিক জীবনে চরম বিপর্যয় সৃষ্টি করছে—এমনটাই মনে করছেন হংকংয়ের চাইনিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী সুসেন চোই।

বিশেষ করে বিবাহবিচ্ছেদের ঘটনা বেশি লক্ষণীয়। চীনের উত্তরাংশের শানসি প্রদেশের বিবাহ নিবন্ধন অফিসগুলো মার্চে পুনরায় খোলার পরপরই নজিরবিহীন বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। ‘শিয়ান বিবাহবিচ্ছেদ বিস্তার’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনাটি ব্যাপক আলোচিত হচ্ছে। মহামারি চলাকালে তিনি চীনের উহান প্রদেশের একটি হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করতেন। পরিবারের ভরণপোষণের দায়িত্ব স্ত্রীর ওপর ছেড়ে দিয়ে তাঁর স্বামী কর্মহীন অবস্থায় পাঁচ বছরের এক সন্তানকে নিয়ে বাসায় অবস্থান করেন এবং আশপাশে কোনো কাজ খুঁজতেও অনীহা প্রকাশ করেন। এ অবস্থায় তাঁর স্ত্রী তাঁকে বিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্ত নেন। মূলত ২০০৩ সাল থেকে চীনে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সহজ হওয়ার দরুন এটির হার দিন দিন বেড়ে চলছে। ‘উইচ্যাট’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদের অ্যাপোয়েনমেন্ট নেওয়া যাচ্ছে, ফলে বিষয়টি এখন আরও সহজ হয়ে উঠছে। ইতিমধ্যে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৪ দশমিক ১৫ মিলিয়ন যুগল বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। পারিবারিক সহিংসতাজনিত সমস্যা না থাকলে বৈবাহিক যুগলকে বিচ্ছেদের আগে অন্তত ৩০ দিন চিন্তাভাবনা করার এক নতুন নিয়ম চালু করে আইন প্রণয়ন করা হয়েছে, যা ২০২১ সাল থেকে কার্যকর হওয়ার কথা।

বেশির ভাগ ক্ষেত্রে মহামারির ফলে লকডাউন ঘরোয়া সহিংসতা বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। চীনের হুবেই প্রদেশে এ মহামারি শুরু হওয়ার পর থেকে সেখানে পারিবারিক অশান্তি প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। ইউরোপের অন্যান্য দেশে যেখানে লকডাউন কার্যকর হয়েছে সেসব জায়গাতেও একই ঘটনা প্রত্যক্ষ করা যাচ্ছে।

বেইজিংয়ে নারীর অধিকার ও সমতাসংক্রান্ত বেসরকারি সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসজনিত গৃহবন্দী অবস্থার শুরু থেকেই হেল্পলাইনে কলের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এগুলো বেশির ভাগই ঘরোয়া সমস্যাজনিত। হংকংয়ের হারমনি হাউসে একটি ঘরোয়া সহিংসতা প্রতিরোধ সেন্টার চালু হয়েছে, যেখানে মাত্র তিন মাসের ব্যবধানে ক্রমাগত ভুক্তভোগীদের সংখ্যা বাড়ছে। করোনাভাইরাস শুরুর আগে থেকেই নির্যাতনের শিকার পিংপিং নামের এক নারী সম্প্রতি এই প্রতিরোধ সেন্টারে অবস্থান করছেন। তাঁর ভাষ্যমতে, মহামারির এ সময়ে তাঁর স্বামীর গৃহে অবস্থান তাঁর জন্য ভিন্ন সমস্যার সূচনা করেছে। গৃহের পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়েও তাঁদের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। এমনকি শারীরিক নির্যাতন থেকেও তিনি রেহাই পাচ্ছেন না। হারমনি হাউসের কার্যনির্বাহী সুসানা লামের মতে, হংকং পুরোপুরি লকডাউনের মধ্য দিয়ে না গেলেও অবিরত গৃহে অবস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার দরুন পারিবারিক সমস্যা বেড়েই চলছে!

মহামারি কোভিড-১৯ করোনাভাইরাস মানুষে মানুষে সম্পর্কের নতুন মাত্রা নির্ধারণ করে দিচ্ছে। ছবি: সংগৃহীত
মহামারি কোভিড-১৯ করোনাভাইরাস মানুষে মানুষে সম্পর্কের নতুন মাত্রা নির্ধারণ করে দিচ্ছে। ছবি: সংগৃহীত

একটি নতুন বিশ্ব
শুধু নির্যাতন কিংবা ঘরোয়া সহিংসতা নয়, আরও বেশ কিছু বিষয় বর্তমানে পরিবারগুলোকে চিন্তার মুখোমুখি করেছে। হংকংয়ের একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শারমিন শ্রোফের মতে, সামাজিক দূরত্ব কার্যকর, ছেলে–মেয়েদের স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকেরা বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যাচ্ছেন। পাশাপাশি চীনে বর্তমানে পরিবারের সব সদস্যদের ঘরে অবস্থানের ফলে সেবাযত্নের একটি বাড়তি চাপ লক্ষ করা যাচ্ছে, যার বেশির ভাগই অন্যান্য সময়ের মতোই নারীদের ওপর পড়ছে। চোইয়ের মতে, এ মহামারি নারীদের ওপর অস্বাভাবিক প্রভাব বয়ে আনবে, যার ফলে তাঁরা পেশাগত জীবনে কর্মহীন হওয়ার পাশাপাশি গৃহের কাজকর্মের বাড়তি চাপের সম্মুখীন হবে।

এটা সত্য যে কর্মহীন বেকার জীবনযাপনের দরুন পুরুষেরা অর্থনৈতিক চাপের কবলে পড়ছে, অন্যদিকে নারীরাও ঘরে বাইরে নানা ধরনের পীড়নের শিকার হচ্ছেন। এ রকম একটা ঘটনার উদাহরণ প্রত্যক্ষ করা যায়, সাংহাইয়ে বসবাসকারী সুসি গাও নামের এক নারীর জীবনে, যিনি ই-কমার্সের সঙ্গে নিয়োজিত। মহামারির দরুন এ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তিনি বর্তমানে অন্য কোনো কাজ খুঁজছেন। পাশাপাশি পরিবার সামলাতেও হিমশিম খেতে হচ্ছে তাঁকে।

চোই আরও বলেছেন, চীনে অবস্থানকরী কর্মহীন অনেকে এখন অভিবাসী কর্মী হিসেবে অন্য কোথাও কাজের সন্ধানে যাবে। আবার এ শহর ছেড়ে ছুটি কাটানোর জন্য যারা বাড়ি ফিরেছে, এ ভাইরাসের বিস্তৃতির কারণে তাঁদের পক্ষে ফিরে আসা সম্ভব হয়নি।

অভিবাসী কর্মীদের ক্ষেত্রে এ রকম দীর্ঘ ছুটির কিছুটা ইতিবাচক দিক রয়েছে। উদাহরণ হিসেবে বেইজিংয়ের হু শিয়াওহোং নামের এক অভিবাসী কর্মীর কথা বলা যেতে পারে। লকডাউনের ফলে তিনি দীর্ঘদিন পর নিজ গৃহে স্বামী–সন্তানদের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটানোর সুযোগ পেয়েছেন।

ডিজিটাল নেটওয়ার্ক
মানুষের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে, যেকোনো ধরনের মনোমালিন্য কিংবা সমস্যা হলে খানিকটা স্বস্তির উদ্দেশে আশপাশের মানুষদের কাছে প্রকাশ করা। কিন্তু এ ভাইরাসের প্রকোপে দীর্ঘদিন সামাজিক দূরত্ব বজায় রাখার দরুন মানুষ এ ধরনের মানসিক সহায়তার সুযোগ ক্ষীণ হয়ে আসছে। পাশাপাশি বাইরে সম্পাদিত কর্মকাণ্ডগুলো ব্যাহত হচ্ছে। এ অবস্থা আমাদের অনলাইনভিত্তিক মাধ্যমগুলোর ওপর নির্ভর করে তুলছে।

চাইনিজ বিশ্ববিদ্যালয় অব হংকংয়ের এক মনোবিজ্ঞানী ফ্যানি চিউংয়ের মতে, অনলাইনভিত্তিক এ যোগাযোগ সবার জন্য সহজলভ্য নয়। বিশেষ করে বয়স্ক মানুষেরা এসব সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে তেমন পরিচিত নয়, যার ফলে তাঁদের পক্ষে ঘরের বাইরে যোগাযোগ সম্ভব হয়ে উঠছে না।

তরুণদের ক্ষেত্রে ঠিক এর বিপরীত চিত্র লক্ষণীয়। অনলাইন প্রযুক্তি ব্যবহার তাঁদের জন্য সহজ বিধায় দিনের অধিকাংশ সময় তাঁরা এর পেছনে ব্যয় করছেন। ভার্চ্যুয়াল সম্পর্কে আবদ্ধতা তাঁদের বন্ধুর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে তাঁরা জড়িয়ে যাচ্ছেন একাকিত্বের সঙ্গে। তবে শুধু বিচ্ছিন্নতা বা একাকিত্ব নয়, লকডাউনের এ দীর্ঘ সময়জুড়ে মানুষ তার পুরোনো অথবা বিদ্যমান সম্পর্ক পুনরায় মূল্যায়ন করে সম্পর্কে বুননে নতুন আশা খুঁজে পাচ্ছে। শ্রোফের মতে, নিজেকে উদ্‌ঘাটন করারও বেশ চমকপ্রদ সময় এটি।

এ সম্পর্কে সুসি গাও বলেছেন, ‘এ অসময় আমাদের জন্য কিছু ক্ষেত্রে সুসময়ের প্রকৃষ্ট উদাহরণ। আমি এবং আমার স্বামী নিজেদের মধ্যে এবং বাচ্চাদের সঙ্গে যথেষ্ট সময় ব্যয় করছি। ফলে পারিবারিক বন্ধন মজবুত হচ্ছে।’

বিদ্যমান সম্পর্কের ভিত্তি শক্ত করার পাশাপাশি বিয়ের মাধ্যমে নতুন সম্পর্ক গড়ে তোলার প্রবণতাও গড়ে উঠেছে এ সময়। তাই উহানে শুধু বিবাহবিচ্ছেদ নয় বরং নতুন বিবাহ সম্পাদনের জন্য অনলাইনে অ্যাপয়নমেন্টের সংখ্যা কয়েক গুণ বেড়েছে।

করোনাভাইরাসের কাছের সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত নিবিড় সম্পর্ক গড়ে ওঠার ইতিবাচক পরিবেশ তৈরি করে দিয়েছে লকডাউন, অপর পক্ষে বন্ধুবান্ধবসহ সমাজের বৃহৎ অংশের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ করছে। ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের কাছের সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত নিবিড় সম্পর্ক গড়ে ওঠার ইতিবাচক পরিবেশ তৈরি করে দিয়েছে লকডাউন, অপর পক্ষে বন্ধুবান্ধবসহ সমাজের বৃহৎ অংশের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ করছে। ছবি: সংগৃহীত

মানসিক প্রভাব
চীনসহ পুরো পৃথিবী করোনাভাইরাসের প্রকোপের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এ ভাইরাসের নিজস্ব ভোগান্তির পাশাপাশি মানুষের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে। মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে মানুষকে।

শ্রোফের ভাষ্যমতে, ‘আমরা দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে মানসিক রোগীর সংখ্যা সামাল দেওয়া কষ্টসাধ্য হবে। ইতিপূর্বে ২০০২-০৩ সালের এক মহামারিতে এ রকম মানসিক বিপর্যয়ের দৃষ্টান্ত দেখা যায়।’

তবে উল্লিখিত বিষয়গুলোর মতোই মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু ইতিবাচক প্রভাব ফেলছে করোনাভাইরাস। এর মাধ্যমে মানুষ তাদের পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হচ্ছে। পরিবারের পাশাপাশি সরকারও মানসিক স্বাস্থ্য রক্ষার্থে মনোযোগী হচ্ছে।

এ সম্পর্কে শ্রোফ বলেছেন, শুধু ভাইরাস নিয়ন্ত্রণ নয়, মানসিক স্বাস্থ্যের দিকটাও বিবেচনায় রাখতে হবে।

এরই মধ্যে নিইরাম নামে হংকংযের একটি ডিজিটাল কোম্পানির কার্যনির্বাহী প্রধান মেগান লাম মানসিক স্বাস্থ্যের অবনতি ঠেকাতে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য রক্ষার এ রকম সুযোগ থাকলে মানুষের কর্মক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি ধারণা করছেন।

সর্বোপরি এই মহামারি মানুষের জন্য বিপর্যয়ের পাশাপাশি সমাজকে একসঙ্গে আরও শক্ত অবস্থান গড়ে তুলতে উদ্বুদ্ধ করেছে।

*শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়