সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের করা আদালত অবমাননার মামলায় নির্বাচন কমিশনার ছহুল হোসাইনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ-সংক্রান্ত রুল এবং তা প্রত্যাহার চেয়ে ছহুল হোসাইনের করা আবেদনের ওপর আগামী রোববার শুনানির দিন ধার্য করা হয়েছে।এদিকে হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য ছহুল হোসাইনের করা আবেদনের শুনানি ১১ অক্টোবর পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন আপিল বিভাগ। হাইকোর্টে আইনজীবীর চেম্বারে ছহুল হোসাইন উপস্থিত থাকলেও তিনি আদালত কক্ষে যাননি। আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন।আদালত অবমাননা মামলায় গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট ছহুল হোসাইনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এ আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে ছহুল হোসাইন গত মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।গতকাল সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চে এ আবেদনের শুনানি হয়। শুনানিকালে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘আমি হাইকোর্টে থাকাকালে কনটেম্পট (আদালত অবমাননা) মামলায় কাউকে দাঁড় করিয়ে রাখিনি।’ বেঞ্চের আরেক সদস্য বিচারপতি বলেন, আদালত অবমাননা হয়েছে কি না, তা নিষ্পত্তির আগেই শাস্তি দেওয়া হলে বিচার হবে কীভাবে? আল্লাহ আদালতকে সম্মান দিয়েছেন, এ সম্মান নিজেদেরই রক্ষা করতে হবে। শুনানিতে ছহুল হোসাইনের আইনজীবী মাহমুদুল ইসলাম বলেন, ছহুল হোসাইন আদালত অবমাননার মতো কিছু বলেননি। তিনি বলেছেন, ‘আমরা আপিল বিভাগে যাব।’ এতে আদালত অবমাননা হয়নি। মাহমুদুল ইসলাম হাইকোর্টের আদেশ স্থগিতের আরজি জানান।মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, রুল স্থগিতের কোনো নজির নেই। রুল স্থগিত করা হলে সব আদালত অবমাননাকারী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আসবেন। এ পর্যায়ে আপিল বিভাগ বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি করার কথা বলে দুপুর ১২টা পর্যন্ত শুনানি মুলতবি করেন। বেলা ১১টার দিকে ছহুল হোসাইনের আইনজীবী মাহমুদুল ইসলাম আবার হাইকোর্ট বেঞ্চে ২৮ সেপ্টেম্বরের আদেশ প্রত্যাহার চেয়ে মৌখিকভাবে আবেদন করলে আদালত লিখিত আবেদন দিতে পরামর্শ দেন। দুপুর ১২টার দিকে লিখিত আবেদন দেওয়া হয়। আদালত বলেন, আবেদন জমা দেওয়া হয়েছে, হলফনামা করা হয়নি। মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, হলফনামা পরে করলেও চলে। বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন। হাইকোর্টের আদেশ প্রত্যাহার চাওয়া হয়েছে। রুল খারিজ আর আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন এক বিষয় নয়। তিনি বলেন, আদালত আবেদনকারীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারেন।এ সময় ছহুল হোসাইনের আইনজীবী মাহমুদুল ইসলাম আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদনের ব্যাপারে আদেশ দিতে বলেন। আদালত বলেন, শুনানি ছাড়া রুল নিষ্পত্তির সুযোগ নেই। পরে আদালত ছহুল হোসাইনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আদেশ দিয়ে রোববার শুনানির পরবর্তী দিন ধার্য করেন।দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্টের আদেশের বিষয়টি আপিল বিভাগকে অবহিত করেন আইনজীবী মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ। এরপর আপিল বিভাগ সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।