ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমেদ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশের দায়ের করা নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় হাজিরা দেওয়ার জন্য তরিকুল ইসলাম আজ যশোরের আদালতে হাজির হন। এ সময় তাঁর আইনজীবী দেবাশীষ দাস ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।

এ ব্যাপারে জানতে চাইলে দেবাশীষ দাস প্রথম আলোকে বলেন, তরিকুল ইসলাম প্রচণ্ড অসুস্থ। তাঁর অসুস্থতার কথা জানিয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে অভিযোগ গঠন ও সাক্ষীর শুনানির দিনে তাঁকে উপস্থিত থাকতে হবে।

আইনজীবীরা জানান, তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এসব মামলায় তরিকুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন নেন। আজ সোমবার মামলাটির ধার্য দিনে তিনিসহ অন্য নেতা-কর্মীরা যশোর আদালতে হাজির হন।