ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন প্রবীর সিকদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সাংবাদিক প্রবীর সিকদারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিদুল ইসলাম এ আদেশ দেন। এ সময় প্রবীর সিকদার আদালতে উপস্থিত ছিলেন।

আইসিটি মামলায় প্রবীর সিকদারের আজ আদালতে হাজিরা দেওয়ার দিন নির্ধারিত ছিল। বেলা ১১টার দিকে তিনি আদালত ভবনে যান। আদালতে তাঁর আইনজীবী মোস্তফা জামান উজ্জ্বল শারীরিক সমস্যার কথা উল্লেখ করে তাঁকে মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। এ সময় আদালতে এই মামলার বাদী স্বপন পালের পক্ষে কোনো আইনজীবী হাজির ছিলেন না।

পরে আদালত প্রবীর সিকদারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৬ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে প্রবীর সিকদার বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আদালতের এ আদেশ দেশে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’ আদালত থেকে বের হয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

প্রবীর সিকদারকে গত ১৬ আগস্ট সন্ধ্যায় ঢাকায় আটক করা হয়। এরপর ওই রাতেই ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁর নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা হয়। মামলাটি করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও আইনজীবী স্বপন পাল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় পরের দিন তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ১৮ আগস্ট শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ আগস্ট এ মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন তিন দিনের রিমান্ড এক দিনে শেষ করে তাঁকে আদালতে সোপর্দ করেন। ওই দিনই জামিনের আবেদন করা হলে আদালত প্রবীর সিকদারের জামিন মঞ্জুর করেন।