ব্যক্তিগত হাজিরা থেকে বিএনপি নেতার অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন। গতকাল সোমবার দুপুরে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমেদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পুলিশের দায়ের করা ওই দুটি মামলায় হাজিরা দেওয়ার জন্য তরিকুল ইসলাম গতকাল যশোরের আদালতে হাজির হন। এ সময় তাঁর আইনজীবী ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করেন।
জানতে চাইলে তরিকুলের আইনজীবী দেবাশীষ দাস প্রথম আলোকে বলেন, তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ। এ কথা জানিয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে অভিযোগ গঠন ও সাক্ষীর শুনানির দিন তাঁকে উপস্থিত থাকতে হবে।
অন্য আইনজীবীরা বলেন, এসব মামলায় তরিকুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।