ব্যক্তিগত হাজিরা মওকুফ পাননি মাহফুজউল্লাহ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফ পাননি সাংবাদিক মাহফুজউল্লাহ। তাঁর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও মাহফুজউল্লাহর হাজিরার দিন এবং তাঁরাসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানির দিন ধার্য ছিল। সকালে জাফরুল্লাহ চৌধুরী ট্রাইব্যুনালে হাজির হলেও মাহফুজউল্লাহ হাজির ছিলেন না। এ সময় মাহফুজউল্লাহর পক্ষে সময়ের আরজি জানান আইনজীবী তারিকুল ইসলাম। ট্রাইব্যুনাল বলেন, বেলা দুইটার মধ্যে মাহফুজউল্লাহকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। পরে বেলা দুইটার দিকে মাহফুজউল্লাহ ট্রাইব্যুনালে হাজির হন। তাঁর আইনজীবী রুমিন ফারহানা শুনানির জন্য সময়ের এবং মাহফুজউল্লাহর ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করেন।
ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা তাঁকে পর্যবেক্ষণ করছি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সময়ের আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল বলেন, ২৮ জানুয়ারি শুনানি হবে। ওই দিন জাফরুল্লাহ চৌধুরী ও চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি হবে।
গত ১৮ সেপ্টেম্বর রাতে চ্যানেল টোয়েন্টিফোরে একটি টক শোতে আদালতের জন্য অবমাননাজনক মন্তব্য করার অভিযোগে ২৬ সেপ্টেম্বর চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ কর্মকর্তা, টক শোর সঞ্চালক মাহমুদুর রহমান মান্নাসহ জাফরুল্লাহ চৌধুরী ও মাহফুজউল্লাহর বিরুদ্ধে রুল জারি করেন এই ট্রাইব্যুনাল।