ব্যক্তিবিশেষকে সাজা দেওয়ার দায়িত্ব আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘কোনো ব্যক্তিবিশেষকে সাজা দেওয়ার দায়িত্ব ও এখতিয়ার সংশ্লিষ্ট আদালতের। এ বিষয়ে আমার বলার কিছু নেই।’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গণতন্ত্রে বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থদের মধ্যে নগদ টাকা, ঢেউটিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার রায় প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রোববার এ রায় ঘোষণা করা হবে।

মন্ত্রী বলেন, ‘যদি কোনো ব্যক্তিবিশেষ আত্মীয়তার ভিত্তিতে বলেন, তাঁর পুত্র কিংবা স্বজন কাউকে শাস্তি দেওয়া যাবে না, তাহলে তাঁরা আইনের শাসন বিশ্বাস করেন না। তাঁরা মনে করেন, তাঁরা আইনের শাসনের ঊর্ধ্বে। যাঁরা এ কথা বিশ্বাস করেন, তাঁদের গণতান্ত্রিক বাংলাদেশে বাস করার কোনো অধিকার নেই।’

মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘তিনি (খালেদা জিয়া) তথাকথিত সংঘাতের কথা বলে এ কথা প্রমাণ করেছেন, গণতন্ত্রে তাঁর কোনো বিশ্বাস নেই। সংঘাতের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা যাবে না।’

মন্ত্রী বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে, তারা সংলাপে বিশ্বাস করে, আলোচনায় বিশ্বাস করে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, কচুয়া উপজেলার চেয়ারম্যান আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন প্রমুখ।