ব্যক্তিমালিকানাধীন জমিতে সামাজিক বনায়ন!
মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওর এলাকায় খাস ভেবে বেশ কিছু ব্যক্তিমালিকানাধীন জমিতে বন বিভাগ সামাজিক বনায়ন করেছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় রবিশস্যের আবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন বিভাগের জুড়ী-১ রেঞ্জ কার্যালয় গত ২০১১-১২ ও চলতি ২০১২-১৩ অর্থবছরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলাভূমির বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের আওতায় হাকালুকি হাওরের ৫০০ হেক্টর খাসজমিতে মূর্তাগাছের বাগান সৃজনসহ এর ফাঁকে ফাঁকে হিজল ও করচগাছের চারা রোপণের মাধ্যমে সামাজিক বনায়নের উদ্যোগ নেয়। ওই বনায়নের জন্য প্রায় ১৮ লাখ মূর্তাগাছের চারা এবং প্রায় দেড় লাখ হিজল ও করচগাছের চারা বরাদ্দ পাওয়া যায়। এ কাজে ব্যয় নির্ধারণ করা হয় প্রায় এক কোটি টাকা।গত মার্চ মাসের শেষের দিকে বন বিভাগ দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে হাওরের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের খাকটেকা ও কালনীগড় মৌজা, জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম মৌজা এবং পাশের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাল্লা মৌজা অংশে ফাঁকা জমি পেয়ে সেখানে বনায়নের কাজ শুরু করে। এ সময় স্থানীয় বেশ কিছু লোক জমির মালিক দাবি করে কাজে বাধা দেন। এরই মধ্যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরো হাওর এলাকা তলিয়ে গেলে কাজ বন্ধ হয়ে যায়। পানি নেমে যাওয়ার পর নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু হলে এলাকাবাসী আবারও বাধা দেয়।সূত্র জানায়, ২১ নভেম্বর বন বিভাগের পক্ষ থেকে বেসরকারি এক জরিপকারক (সার্ভেয়ার) দিয়ে বিরোধপূর্ণ অংশ মাপজোখ করানো হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও জমির মালিক দাবিদার ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। জরিপকারক মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক মাপজোখে দেখা গেছে, খাকটেকা ও নয়াগ্রাম মৌজায় ৩০-৩৫ হেক্টর ব্যক্তিমালিকানাধীন জমিতে বনায়ন করা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে লিখিত প্রতিবেদন দেব।’ বন বিভাগের একটি সূত্র জানায়, ইতিমধ্যে প্রায় ১০০ হেক্টর জায়গায় বনায়ন হয়েছে। এ পর্যন্ত চারাগাছ কেনা, পরিবহনসহ শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা। ব্যক্তিমালিকানাধীন জমি থেকে চারাগাছ অপসারণ করে অন্যত্র রোপণ করলেও টেকানো সম্ভব হবে না। ফলে ব্যয়টা গচ্চা যাবে।পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মদন মোহন দাস ক্ষোভের সঙ্গে বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন জমিতে শীত মৌসুমে সরিষা, আলু, ফরাসসহ বিভিন্ন ধরনের রবিশস্যের চাষ করেন স্থানীয় কৃষকেরা। বীজ বপনের সময় শেষ হতে চলেছে। অথচ শুরু থেকে বেশ কয়েকবার আপত্তি দেওয়া সত্ত্বেও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা চারাগাছ অপসারণে কোনো উদ্যোগ নেননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেছেন, দ্রুত অপসারণ না করলে তাঁরা নিজেরাই তা উপড়ে ফেলবেন।’ শুরুতে বাধা প্রদানের অভিযোগ অস্বীকার করে জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা এ এস এম হারুন প্রথম আলোকে বলেন, ‘আগাম বন্যার আশঙ্কা দেখে শুরুতে জমি মাপজোখ না করে খাস ভেবে আমরা বনায়ন করে ফেলি। তখন লোকজন আপত্তি দিলে এ সমস্যা হতো না। এখন মাপজোখ হয়েছে। করণীয় ঠিক করতে আমরা চিন্তাভাবনা করছি।’